জগন্নাথপুরে ইউএনও পরিচয়ে মুঠোফোনে ব্যবসায়ীদের কাছে টাকা দাবি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের একটি বাজারের কয়েকজন ব্যবসায়ীর কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে ফোন করে টাকা দাবি করেছেন এক ব্যক্তি। টাকা না দিলে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীদের কয়েক লাখ টাকা জরিমানা করবেন বলে হুমকি দেন তিনি। তবে ইউএনও বলেছেন, এটা প্রতারক চক্রের কাজ।
জানা গেছে, গতকাল শনিবার রাতে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব সবুজ কান্তি দাসকে ইউএনও পরিচয়ে ফোন দেন এক ব্যক্তি। ওই সচিবের কাছে রানীগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ীর নম্বর চান তিনি। সচিব রানীগঞ্জ ইউপির সদস্য ইছরাক আলীর মুঠোফোন নম্বর দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে ইউএনও পরিচয়ে ইছরাক আলীর সঙ্গে কথা বলে রানীগঞ্জ বাজারের কয়েকজন বড় ব্যবসায়ীর মুঠোফোন নম্বর সংগ্রহ করে তাঁদের সঙ্গে কথা বলেন ওই ব্যক্তি।
রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী রিচমুন কনফেশনারির পরিচালক পিন্টু দাস প্রথম আলোকে বলেন, ইউএনও পরিচয় দিয়ে আমাকে বলা হয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমার দোকানে চার লাখ টাকা জরিমানা করা হবে। এখনই বিকাশে ৭০ হাজার টাকা পাঠাতে। আমি এ বিষয়ে আরও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করলে তাঁরাও একইভাবে ফোন পাওয়ার কথা বলেন। পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি, এটি প্রতারক চক্রের কাজ।’
এ বিষয়ে রানীগঞ্জ ইউপির সদস্য ইছরাক আলী বলেন, ‘যেভাবে ইউএনও পরিচয় দিয়ে বলা হয়েছে, তাতে আমি বিশ্বাস করেই তাঁদের মুঠোফোন নম্বর সংগ্রহ করে দিয়েছি। এভাবে আমাদেরকে ব্যবহার করায় আমরা এখন বিব্রত।’
জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানাই। পাশাপাশি আমার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছি। প্রতারক চক্রকে চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।’
ব্যবসায়ীদের কাছ থেকে নম্বর সংগ্রহ করে ওই নম্বরে ফোন দিয়েছে প্রথম আলোর সুনামগঞ্জের জগন্নাথপুর প্রতিনিধি। তবে একাধিকবার ফোন দেওয়া হলেও অপর প্রান্ত থেকে সাড়া দেননি কেউ।