জগন্নাথপুরে করোনা আক্রান্ত সেই মা ও তাঁর যমজ নবজাতকের পাশে অনেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিনা বেগমের যমজ দুই সন্তানের দেখভাল করছেন দুই খালা
প্রথম আলো

সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন মা সৈয়দ রিনা বেগম ও তাঁর যমজ দুই সন্তানের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন অনেকেই। আজ শুক্রবার প্রথম আলোর কাছে অনেকেই সহায়তার কথা নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘যমজ দুই সন্তান দুধের জন্য কাঁদছে, আইসিইউতে করোনায় আক্রান্ত মা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ রিনা ও তাঁর সন্তানদের সহায়তায় এগিয়ে আসেন। বাংলাদেশ পুলিশের এক কর্মকর্তা নিজের নাম-পদবি গোপন রেখে শুক্রবার পাঁচ হাজার টাকা বিকাশে পাঠান।

আরও পড়ুন

রিনা বেগমের স্বামী নির্মাণশ্রমিক সুফি মিয়া বলেন, ‘প্রথম আলোতে খবর প্রকাশের পর অনেকেই আমার পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন। কেউ কেউ বিকাশে আমার স্ত্রীর চিকিৎসা ও দুই যমজ সন্তানের দুধ কেনার জন্য টাকা পাঠিয়েছেন। আবার কেউ কেউ খোঁজখবর নিয়ে টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। আমার বিপদের সময় আমার পাশে দাঁড়ানোর জন্য আমি প্রথম আলোর কাছে কৃতজ্ঞ।’

করোনা আক্রান্ত রিনা বেগমের যমজ দুই সন্তান
প্রথম আলো

উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা সুফি মিয়ার স্ত্রী সৈয়দ রিনা বেগম ১৫ আগস্ট সিলেটের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে দুই যমজ ছেলেসন্তানের জন্ম দেন। একসঙ্গে দুই ছেলেসন্তানের জন্মে পরিবারে বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। এর মধ্যে রিনা বেগমের করোনার উপসর্গ দেখা দেয়। ২৪ আগস্ট নমুনা পরীক্ষায় রিনা বেগমের করোনা শনাক্ত হয়।

প্রথমে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন। ১২ দিন আগে জন্ম নেওয়া তাঁর যমজ দুই সন্তান দুধের জন্য অনবরত কাঁদছে। এখন পাশে দাঁড়ানো সুহৃদদের আর্থিক সহায়তায় নবজাতক দুটির জন্য ফর্মুলা দুধের ব্যবস্থা করা হবে।