জগন্নাথপুরে নদীভাঙনের কবলে সড়ক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে একটি গ্রামীণ সড়কের পাকাকরণ কাজের শুরুতে সড়কটি নদীভাঙনের কবলে পড়েছে। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও-আলমপুর-বালিশ্রী-রৌয়াইল সড়কের ৩ কিলোমিটারের মধ্যে ৫০০ মিটার অংশ যেকোনো সময় কুশিয়ারা নদীতে বিলীন হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী ও এলজিইডি সূত্রে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর দক্ষিণপাড়া এলাকার অন্তত ১৫ গ্রামের মানুষের যাতায়াতসুবিধার জন্য তাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নোয়াগাঁও-আলমপুর-বালিশ্রী-রৌয়াইল সড়কটি পাকাকরণের উদ্যোগ নেয় এলজিইডি। ১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে সড়কের তিন কিলোমিটার অংশে পিচঢালাই কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এমআই ইঞ্জিনিয়ার। গত বছরের ২০ সেপ্টেম্বর থেকে সড়কে ইটের খোয়া ফেলে কাজ শুরু করা হয়। করোনা পরিস্থিতির কারণে সড়কের কাজ কিছুদিন বন্ধ হয়ে যায়। সম্প্রতি সড়কের কাজ আবারও শুরু হয়। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুশিয়ারা নদীর ভাঙনে বালিশ্রী গ্রামের গুলজার মিয়ার বাড়ির সামনের ৫০০ মিটার অংশ নদীভাঙনের কবলে পড়ে।
রৌয়াইল গ্রামের বাসিন্দা রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজমুল হোসেন বলেন, ‘ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছি।’
আলমপুর গ্রামের বাসিন্দা দিদার আহমেদ বলেন, অন্তত ১৫ গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়ক এটি। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সড়কটি এলজিইডি পাকাকরণের উদ্যোগ নিলে এলাকাবাসীর মধ্যে দুর্ভোগ লাঘবের আশার সঞ্চার হয়। কিন্তু কাজের শুরুতে সড়কটি নদীভাঙনের কবলে পড়ায় আবারও হতাশা দেখা দিয়েছে।
রানীগঞ্জের ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘সড়কের ভাঙনকবলিত অংশে ভাঙন রোধে একটি প্রকল্প গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেছি।’
এলজিইডির জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, ‘সড়কে আমাদের কাজ চলমান। ভাঙনকবলিত অংশ বাদে সড়কের অপর অংশের কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। নদীভাঙনের বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া জন্য উপজেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে।’
জগন্নাথপুরের ইউএনও পদ্মাসন সিংহ বলেন, সড়কের ভাঙন অংশ পরিদর্শন করে দ্রুত উদ্যোগ নিতে পাউবোকে বলা হয়েছে।