জগন্নাথপুরে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া বৃদ্ধের লাশ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে কুশিয়ারা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে কুশিয়ার নদীর বাগময়না এলাকায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান উদ্ধারকারীরা। দুই দিন ধরে পুলিশ, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালিয়েছিলেন
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের চার ব্যক্তি কুশিয়ারা নদীর পুরোনো লঞ্চঘাটে বসে জুয়া খেলছিলেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম জুয়ার আসরে ধাওয়া দিলে চার ব্যক্তি কুশিয়ারা নদীতে ঝাঁপ দেন। তাঁদের মধ্যে তিনজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের তাজ উদ্দিন (৬৫) নিখোঁজ হন। শুক্রবার সকালে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।