জগন্নাথপুরে প্রশাসনের আশ্বাসে পরিবহন ধর্মঘট স্থগিত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ব্যাটারিচালিত টমটম, ইজিবাইক বন্ধের দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার স্থানীয় প্রশাসনের আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়। এ নিয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদেজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সম্মেলনকক্ষে দুপুরে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আন্দোলনকারীদের পক্ষে অংশ নেওয়া জগন্নাথপুর উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে টমটম, ইজিবাইকসহ অবৈধ যানবাহন বন্ধ করা হবে—স্থানীয় প্রশাসনের এমন আশ্বাসে আমাদের ঘোষিত ধর্মঘট স্থগিত করা হয়েছে। তবে আশ্বাস অনুযায়ী পদক্ষেপ নেওয়া না হলে পরে আমরা কর্মসূচি দেব।’
ইউএনও মো. সাদেজুল ইসলাম বলেন, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, লাইসেন্সবিহীন যানবাহন পৌর শহরে চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএনও মো. সাদেজুল ইসলাম বলেন, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, লাইসেন্সবিহীন যানবাহন পৌর শহরে চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
২১ সেপ্টেম্বর গণপরিবহনের ড্রাইভার্স ঐক্য পরিষদের আয়োজনে স্থানীয় পৌর পয়েন্টে মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে টমটম, ইজিবাইকসহ ব্যাটারিচালিত অবৈধ যান সড়ক থেকে অপসারণের দাবি জানানো হয়। সভায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব অবৈধ যান বন্ধ করা না হলে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের আলটিমেটাম দেওয়া হয়েছিল।