জগন্নাথপুরে বিল শুকিয়ে মাছ ধরার অভিযোগ, বোরো আবাদ নিয়ে শঙ্কা
সুনামগঞ্জের জগন্নাথপুরের বড় ডহর বিলের পানি শুকিয়ে ফসলি জমি নষ্টের অভিযোগ উঠেছে। এর ফলে বোরো আবাদে সমস্যা হবে জানিয়ে এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের কৃষকেরা। আজ বুধবার তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গন্ধবপুর গ্রামের আলাউদ্দিন, জিলহক কালা ও বাগময়না গ্রামের গুলজার মিয়া মাছ ধরার জন্য বড় ডহর বিলের পানি শুকানোর উদ্যাগ নিয়েছেন। কিন্তু কৃষকেরা ওই বিলের পানি ব্যবহার করে কয়েক হাজার একর জমিতে বোরো আবাদ করে থাকেন। বিল ইজারাদাররা মাছ ধরতে ওই বিলের পানি শুকানোর উদ্যোগ নেওয়ায় বোরো আবাদে শঙ্কা দেখা দিয়েছে। তাঁরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ইউএনও সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কৃষকদের অভিযোগ তদন্ত করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
গন্ধবপুর গ্রামের আলাউদ্দিন তাঁদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, মাছ ধরার জন্য যতটুকু পানি শুকাতে হয়, ততটুকু শুকিয়ে মাছ ধরা হবে।
গন্ধবপুর গ্রামের কৃষক জাহির মিয়া জানান, বড় ডহর বিলের পানি ব্যবহার করে কয়েক হাজার একর জমিতে বোরো আবাদ করা হয়। বিল ইজারাদাররা মাছ ধরার জন্য শুকানোর উদ্যোগ নেওয়ায় কৃষকদের মধ্যে বোরো আবাদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফিরোজ মিয়া নামের প্রবীণ এক কৃষক প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিবছর বড় ডহর বিলের পানি ব্যবহার করে বোরো আবাদ করি। এবার মাছ ধরার জন্য কয়েকজন পুরোপুরি শুকিয়ে ফেলতে চাইছেন। এতে বোরো ধান নষ্ট হয়ে যেতে পারে।’
হাওর বাঁচাও আন্দোলনের জগন্নাথপুর উপজেলার আহ্বায়ক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিল শুকিয়ে মাছ ধরার কোনো নিয়ম নেই। কৃষিকাজের জন্য পানি রেখে মাছ ধরতে হবে।