জগন্নাথপুরে মামুনুল হকের অনুসারী জয়নুল গ্রেপ্তার
সুনামগঞ্জের জগন্নাথপুরে হেফাজত নেতা মামুনুল হকের অনুসারী হিসেবে পরিচিত জয়নুল হককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁকে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোনা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
জয়নুল হক খেলাফত মজলিশের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়ভাবে তিনি হেফাজত নেতা মামুনুল হকের অনুসারী হিসেবে পরিচিত।
জগন্নাথপুর থানার পুলিশ জানিয়েছে, মামুনুল হককে গ্রেপ্তারের পর ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার অভিযোগে জগন্নাথপুর উপজেলার বাসিন্দা ও জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর পাশা চৌধুরীকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর গত ১৮ মে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে হেফাজত নেতা ইউসুফ আলীর বাড়িতে সংগঠনটির নেতারা নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করেন। ওই বৈঠক থেকে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করলেও ১৩ জন পালিয়ে যান।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, জয়নুল হককে নাশকতার পরিকল্পনার অভিযোগে হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার তাঁকে কারাগারে পাঠানো হয়।