জগন্নাথপুরে মেছোবাঘের শাবক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাঘময়না গ্রাম থেকে মেছোবাঘের তিনটি শাবক উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে আবির খান নামের এক তরুণ। আজ মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান সুনামগঞ্জ বন বিভাগের কাছে মেছোবাঘের শাবকগুলো হস্তান্তর করেন।

উপজেলা প্রশাসন, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে আবির খানসহ কয়েক তরুণ বাঘময়না পুরোনো জামে মসজিদের সামনে গিয়ে মেছোবাঘের তিনটি শাবক দেখতে পান। তখন এলাকার লোকজন মেছোবাঘের শাবকগুলো মারতে উদ্যত হলে আবির খান তাঁদের বাধা দেন এবং তাঁদের বুঝিয়ে শাবকগুলো বাঘময়না থেকে নিজ খরচে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নিয়ে আসেন।

বাঘময়না গ্রামের তরুণ আবির খান বলেন, ‘বাঘময়না পুরোনো জামে মসজিদের পাশেই জঙ্গল রয়েছে। আমার ধারণা, ওই জঙ্গল থেকে মেছোবাঘের শাবকগুলো বের হয়ে মসজিদের সামনে এসেছে। পরে শাবকগুলো আমার সঙ্গে থাকা বন্ধু ও এলাকার লোকজন মেরে ফেলতে চাইলে আমি মারতে দিইনি। এগুলো আমাদের সম্পদ। তাই নিজ খরচে জগন্নাথপুরের ইউএনওর কার্যালয়ে দিয়ে আসি।’

এ বিষয়ে জগন্নাথপুরের ইউএনও মেহেদী হাসান বলেন, ‘বাঘময়না গ্রামের এক তরুণ মেছোবাঘের শাবকগুলো নিয়ে এলে আমি সুনামগঞ্জ বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে এগুলো বন বিভাগে হস্তান্তর করার উদ্যোগ নিই।’ তিনি আরও বলেন, এক তরুণের সচেতনতায় রক্ষা পেল মেছোবাঘের তিনটি শাবক।