জঙ্গি-রাজাকাররা এখনো সক্রিয়: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাসদ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসানুল হক ইনু।আজ বৃহস্পতিবার বিকেলে
ছবি: প্রথম আলো

দেশে স্বাধীনতাবিরোধী শক্তি এখনো সক্রিয় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। মৌলভীবাজার জেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা জাসদ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাংসদ ইনু বলেন, স্বাধীনতার ৫০ বছরেও রাষ্ট্রের চিরশত্রু দুর্নীতিবাজ-সাম্প্রদায়িকতা-জঙ্গি-রাজাকাররা এখনো সক্রিয়। এরা এখনো রাষ্ট্রের মীমাংসিত বিষয়ের ওপর আঘাত করছে। এদের মোকাবিলাও করতে হবে, নির্বাচনও করতে হবে। মীমাংসিত বিষয়ে ঐকমত্য এবং রাষ্ট্রের চিরশত্রু দুর্নীতিবাজ-সাম্প্রদায়িকতা-জঙ্গি-রাজাকারদের মোকাবিলায় একমত থাকতে হবে। এই বিপদ-আপদের সমাধান ছাড়া শান্তি আসবে না। শুধু নির্বাচন বা ক্ষমতার রদবদল কোনো সমাধান দেবে না।

জনজীবনের সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব দূর করা, তেল-গ্যাসের উচ্চমূল্য রোধ ও বৈষম্য-বঞ্চনা নিরসনেও সরকারের প্রতি আহ্বান জানান ইনু। তিনি বলেন, জাতির সামনে গুরুত্বপূর্ণ চারটি কাজ হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন করা। রাষ্ট্রের চিরশত্রু সাম্প্রদায়িক-জঙ্গিবাদীদের দমন করা। জনজীবন বিপর্যস্তকারী দুর্নীতিবাজ, দলবাজ, গুন্ডা, বাজার সিন্ডিকেটের হোতাদের মোকাবিলা ও দমন করা। সেই সঙ্গে বৈষম্য-বঞ্চনা দূর করতে সমাজতন্ত্রের চশমা পরে অর্থনীতির পরিকল্পনা পাল্টানো।

সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদ সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল হক। জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য নাজিম উদ্দীন নজরুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মো. আনোয়ারুল হক। কর্মী সমাবেশে বিভিন্ন উপজেলা কমিটির নেতারা বক্তব্য দেন।