জঙ্গি হামলায় নিহত ফায়ারম্যান মতিনের পরিবারকে সহায়তা
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জঙ্গি আস্তানায় অভিযানের সময় জঙ্গিদের আক্রমণে নিহত ফায়ারম্যান আবদুল মতিনের (৪১) পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ১০ লাখ টাকার চেকটি হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরিবারের পক্ষ থেকে চেকটি গ্রহণ করেন নিহত আবদুল মতিনের স্ত্রী তানজিলা বেগম।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবদুল মতিন দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁকে কখনো ভোলা যাবে না। মন্ত্রী এ সময় আবদুল মতিনের পরিবারের খোঁজখবর নেন এবং পরিবারটির পাশে থাকার জন্য ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
১০ মে গোদাগাড়ীতে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশ একটি বাড়ি ঘিরে রাখার পর সেখান থেকে এক নারী অতর্কিতে বেরিয়ে এসে গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান আবদুল মতিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। মতিনের বাড়ি গোদাগাড়ীর মাটিকাটা গ্রামে। তাঁর মেয়ে জেসমিন আরা নবম শ্রেণিতে আর ছেলে মারুফ ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
চেক হস্তান্তরের আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ কমপ্লেক্সের মাঠে অধিদপ্তরে নবনিযুক্ত স্টেশন অফিসার ও স্টাফ অফিসার (৩৯তম ব্যাচ) এবং ফায়ারম্যানদের (৫৪তম ব্যাচ) বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনীর কুচকাওয়াজ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধিদপ্তরের লোকবল বৃদ্ধি ও স্টেশনের সংখ্যা বাড়ানো হবে। বর্তমানে সারা দেশে ৩২২টি ফায়ার স্টেশন রয়েছে। ২০২০ সাল নাগাদ তা ৫৫২টিতে উন্নীত করা হবে। জনবল বৃদ্ধি পেয়ে হবে ১৫ হাজার।