জঙ্গিবাদ রুখে দাঁড়ানোর আহ্বান সাংবাদিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি–সন্ত্রাস ও সাম্প্রদায়িক তৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানিয়ে গতকাল দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শহরের স্টেশন সড়কে মানববন্ধন কর্মসূ​িচ পালন করা হয় l ছবি: প্রথম আলো
জঙ্গি–সন্ত্রাস ও সাম্প্রদায়িক তৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানিয়ে গতকাল দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শহরের স্টেশন সড়কে মানববন্ধন কর্মসূ​িচ পালন করা হয় l ছবি: প্রথম আলো

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল শনিবার রাজশাহী ও বগুড়ায় মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। তাঁরা জঙ্গিবাদ রুখে দাঁড়ানোর আহ্বান জানান। একই ইস্যুতে জয়পুরহাটে প্রতিবন্ধী উন্নয়ন সমিতি ও পাঁচবিবিতে ১২টি শ্রমিক সংগঠনের শ্রমিকেরা মানববন্ধন করেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: ‘এটা আমার দেশ, মৃত্যু উপত্যকা নয়, রুখে দাও জঙ্গিবাদ’ স্লোগানে বেলা সাড়ে ১১টা থেকে নগরের আলুপট্টি মোড়ে মানববন্ধন করা হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এর আয়োজন করে।
কর্মসূচিতে রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী ফিল্ম সোসাইটি, কবি কুঞ্জসহ কয়েকটি সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি কাজী শাহেদ। বক্তব্য দেন আরইউজের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুল হাসান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান, ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর প্রমুখ। বক্তারা বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের সাংবাদিকেরা কলম ধরেছেন। জঙ্গিবাদ নির্মূল করতে আরইউজে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছে।
বগুড়া: ‘জেগে ওঠো দেশবাসী, রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান নিয়ে বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবের সামনে স্টেশন সড়কে মানববন্ধন ও সমাবেশ হয়। বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন এর আয়োজন করে।
সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম, সাংবাদিক নেতা প্রদীপ ভট্টাচার্য, আমজাদ হোসেন, জে এম রউফ, আবদুর রহিম বগরা প্রমুখ।
সমাবেশ থেকে দেশজুড়ে একের পর এক জঙ্গি হামলার মাধ্যমে নির্বিচারে মানুষ হত্যা এবং টার্গেট কিলিংয়ের নিন্দা জানানো হয়। একই সঙ্গে জঙ্গিবাদ রুখে দিতে সর্বস্তরে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বেলা ১১টায় শহরের সাতমাথায় বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বঙ্গবন্ধুর খুনিদের বিচার ও জঙ্গিবাদ ইস্যুতে সমাবেশ ও মানববন্ধন করে।
এতে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সভাপতি মোস্তফা আলম, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য এস এম মিল্লাত হোসেন প্রমুখ। এর সঙ্গে সংহতি প্রকাশ করে স্বাধীনতা হোমিও চিকিৎসক পরিষদ, ডি এইচ এম এস ডক্টরস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন।
জয়পুরহাট: বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত ১২টি সংগঠনের শ্রমিকেরা পাঁচবিবি বাজারের প্রধান সড়কে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, শ্রমিকনেতা সায়েম উদ্দীন, কৌশিক ঘোষ, উকিল সরকার, আখতার সরকার, লাভু সরদার প্রমুখ।
এদিকে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের প্রধান সড়কে বেলা ১১টায় জয়পুরহাট প্রতিবন্ধী উন্নয়ন সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে প্রতিবন্ধী উন্নয়ন সমিতির লোকজন ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।