জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলতে হবে
প্রকৃত ধর্মবিশ্বাসীরা ধর্মান্ধ হতে পারে না, সাম্প্রদায়িক হতে পারে না। সন্ত্রাসের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গ্রামে গিয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে বোঝাতে হবে। গ্রামের মানুষকে জঙ্গিবাদের বিরুদ্ধে জাগিয়ে তুলতে হবে। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।
চট্টগ্রামের পাঁচজন বিশিষ্ট ব্যক্তির আহ্বানে গতকাল সোমবার বিকেলে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন।
নগরের চেরাগী পাহাড় মোড়ে ‘সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক, চট্টগ্রাম’-এর ব্যানারে এ সমাবেশ হয়। সমাবেশ আহ্বানকারী পাঁচ বিশিষ্টজন হলেন শহীদজায়া মুশতারী শফী, অধ্যাপক অনুপম সেন, অধ্যাপক রণজিৎ দে, অধ্যাপক মঈনুল ইসলাম ও কবি আবুল মোমেন।
মুশতারী শফী বলেন, একাত্তরে এ দেশের সাড়ে সাত কোটি মানুষ ছিল। এখন ১৬ কোটি মানুষের দেশ। এ দেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বাসা বেঁধেছে। ১৬ কোটি মানুষকে সঙ্গে নিয়ে রাজাকার ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার শপথ নিতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে সব কুলাঙ্গার নির্মূল করা সম্ভব হবে।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন বলেন, ‘সম্প্রতি দুই যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ফাঁসি কার্যকর না করার জন্য বলেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কথা শোনেননি, এ জন্য তাঁকে ধন্যবাদ। যে চেতনা স্তিমিত হয়ে গিয়েছিল, ফাঁসি কার্যকর করার মাধ্যমে তা আবার উদ্ভাসিত হয়েছে। তবে যারা সংবিধানের মূল চার নীতিকে কটাক্ষ করেছে, ভেঙে ফেলার চেষ্টা করেছে, তারা এখনো আমাদের মধ্যে আমাদের রাজনীতিতে রয়েছে।’ তিনি বলেন, প্রকৃত ধর্মবিশ্বাসীরা ধর্মান্ধ হতে পারে না, সাম্প্রদায়িক হতে পারে না। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তরুণদের উদ্দেশে অনুপম সেন বলেন, ‘গ্রামে যাও। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে গিয়ে বোঝাও। মানুষকে জাগিয়ে তুলতে হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মঈনুল ইসলাম বলেন, ‘শত্রু ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে, জামায়াত। আর যারা মুসলিম লীগ থেকে নাম মুছে বিএনপি হয়েছে, যারা রাজনীতি করছে তারা। তাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।’
সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডের কথা উল্লেখ করে মঈনুল ইসলাম বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী স্কুলজীবনে আমার সহপাঠী ছিল। একাত্তরে তার ভূমিকার জন্য আমি আর তার সঙ্গে সম্পর্ক রাখিনি। একাত্তরের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে তার বাবা ফজলুল কাদের চৌধুরীর নামে হল করার উদ্যোগ নিয়েছিল। আমি তখন বলেছিলাম, জীবন থাকতে এই হল হবে না। তখন সে আমাকে আরেক শিক্ষকের মাধ্যমে হুমকি দিয়েছিল। কিন্তু আমরা প্রগতিশীল শিক্ষকেরা হল করতে দিইনি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রণজিৎ দে বলেন, বাংলাদেশে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার পেছনে বিদেশি সমর্থন ও অর্থের জোগান রয়েছে। সেই উৎস চিহ্নিত করে তাদের শক্তি খর্ব করা না গেলে জঙ্গিবাদ আরও তীব্র আকার ধারণ করবে। এখনই অর্থের জোগান বন্ধ করতে হবে।
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘৪৪ বছর পর সাকা চৌধুরীসহ দুজনের মৃত্যুদণ্ড সম্প্রতি কার্যকর হয়েছে। কিন্তু এক বছরে চারজনেরও বেশি মুক্তমনা মানুষকে হত্যা করা হয়েছে। আমরা বিচারের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার করছি। আর তারা নিজেরা মানুষ হত্যায় নেমেছে।’ তিনি বলেন, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। জঙ্গিবাদ সংস্কৃতির ওপর আঘাত হেনেছে। দেশের ভেতর থেকে প্রতিরোধের পাশাপাশি বিদেশি বন্ধুদের সঙ্গেও জঙ্গিবাদ দমনে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, সিপিবির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শাহ আলম, ট্রেড ইউনিয়ন নেতা তপন দত্ত, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, ছাত্রনেতা শিমুল বৈষ্ণব, আল কাদেরী প্রমুখ। সমাবেশ শেষে একটি মশাল মিছিল নগরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশে উদীচী ও রক্তকরবীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।