চট্টগ্রামে এক সমাবেশে বক্তারা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের দূরতম সম্পর্কও নেই। ইসলামের নামে যেসব বিপথগামী যুবক জঙ্গিবাদী সন্ত্রাসে লিপ্ত, তারা প্রকৃত মুসলমান হতে পারে না। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এ দেশে জঙ্গিবাদ কখনো স্থায়ী হতে পারবে না। এই অপশক্তির বিরুদ্ধে সর্বস্তরের মানুষের সম্মিলিত ঐক্য গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ইসলামিক ফ্রন্টের চট্টগ্রাম জেলা শাখার সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গত ২১ জানুয়ারি হাটহাজারী সদরে সংগঠনের মহাসচিব জয়নুল আবেদিন জুবাইরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের মহাসচিব শায়খ খোন্দকার গোলাম মাওলা নক্সবন্দী। সংগঠনের চট্টগ্রাম নগর শাখার সভাপতি এইচ এম মুজিবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছৈয়দ নাছেরুল হক চিশতি, আবু নাছের তালুকদার, এস এম ফরিদ উদ্দিন, কাজী জসিম উদ্দিন, এম সোলায়মান ফরিদ প্রমুখ।