জটিল রোগের চিকিৎসা নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার বক্তপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন রোগী আসেন। এঁদের মধ্যে একটা অংশ জটিল রোগে আক্রান্ত, যঁাদের ফিরিয়ে দেওয়া হয় চিকিৎসক না থাকায়। স্বাস্থ্যকেন্দ্রে জ্বর, সর্দিকাশি এসব সাধারণ রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হলেও কেন্দ্রটি সরকার নির্ধারিত সময় পর্যন্ত খোলা থাকে না বলেও রোগীদের অভিযোগ।
উপজেলার বক্তপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় উপস্বাস্থ্যকেন্দ্রটির অবস্থান। নিয়মানুযায়ী এই স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (সাকমো), একজন পরিবারকল্যাণ পরিদর্শক, একজন ফার্মাসিস্ট, একজন বার্তাবাহক, একজন পিয়ন ও একজন আয়া থাকার কথা। কিন্তু বর্তমানে চিকিৎসকের পদটি শূন্য। নেই ফার্মাসিস্ট, বার্তাবাহক ও পিয়ন। সাকমো ও পরিবারকল্যাণ পরিদর্শিকা উপস্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের সেবা দেন।
২৭ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, সাকমো মুহাম্মদ ইউনুস, পরিবারকল্যাণ পরিদর্শিকা অসীমা বড়ুয়া এবং আয়া মনোয়ারা বেগম কেন্দ্রে আসা রোগীদের সেবা দিতে ব্যস্ত। স্বাস্থ্যকেন্দ্রটিতে দৈনিক গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী আসেন। তঁাদের মধ্যে অনেক জটিল রোগীও থাকে। চিকিৎসা কর্মকর্তা না থাকায় এসব জটিল রোগী সঠিক চিকিৎসা পান না।
সাকমো মুহাম্মদ ইউনুস জানান, চিকিৎসক না থাকায় মূলত তিনিই রোগী দেখেন। জ্বর, সর্দি, কাশি ও পেট খারাপের মতো সাধারণ রোগের চিকিৎসা দেন। এর চেয়ে জটিল রোগ হলে রোগীকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়।
তবে অনেক রোগীর অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রটি নির্ধারিত সময়ের পরে খোলে ও আগে বন্ধ হয়। তাই অনেকেই চিকিৎসাসেবা না নিয়ে ফিরে যান। কিন্তু বিষয়টি অস্বীকার করেন স্বাস্থ্যকেন্দ্রের কর্মরতরা। তাঁদের দাবি, প্রতিদিনই তাঁরা সরকার নির্ধারিত সময় অনুযায়ী উপস্বাস্থ্যকেন্দ্র খোলেন ও বন্ধ করেন।
বক্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক-উল-আজম প্রথম আলোকে বলেন, ‘তিন-চার বছর ধরে স্বাস্থ্যকেন্দ্রটিতে চিকিৎসা কর্মকর্তা নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার বলা হয়েছে। ইউনিয়নের অর্ধলক্ষাধিক জনগণ জটিল রোগের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র, কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া।’ তিনি সেখানে একজন চিকিৎসক পদায়নের দাবি জানান।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মহিউদ্দিন জানান, বক্তপুর উপস্বাস্থ্যকেন্দ্রে আসা জটিল রোগীদের চিকিৎসায় একজন চিকিৎসক খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। চার বছর ধরেই এই কেন্দ্রে চিকিৎসক নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই সেখানে একজন নতুন চিকিৎসক পদায়নের ব্যবস্থা করা হবে।