জটিল রোগে আক্রান্ত মারজানা বাঁচতে চায়
মাস দশেক আগে হঠাৎ করে মারজানা আক্তারের হাত-পা ও ঘাড়ে ব্যথা শুরু হয়। এরপর ধীরে ধীরে হাত-পা অবশ হয়ে যেতে থাকে। পরিবারের লোকজন মারজানাকে প্রথমে কয়েক দফা কবিরাজ দেখান। কিন্তু কোনো লাভ হয়নি। এরপর গ্রামের মানুষের পরামর্শে যান ডাক্তারের কাছে। সুনামগঞ্জ, সিলেটে কয়েক মাস চিকিৎসা করার পর অবশেষে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
চিকিৎসকেরা মারজানার পরিবারের সদস্যদের জানিয়েছেন, মারজানা সিস্টেমিক স্কেলেরোসিস নামক একধরনের জটিল রোগে আক্রান্ত হয়েছে। সুস্থ হতে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। মারজানার চিকিৎসা করাতে গিয়ে তার দরিদ্র পরিবারটির এখন পথে বসার দশা। পরিবারের আয়ের প্রধান উৎস একটি মুদিদোকান। তার চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে এখন তা বন্ধ হওয়ার পথে।
মারজানা আক্তারের (১৫) বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার জগাইরগাঁও গ্রামে। সে সুনামগঞ্জ শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বাবা মহিম উদ্দিন কৃষক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারজানার বড় ভাই আল আমিন। তাঁর মুদিদোকানের আয়েই চলে সংসার।
আল আমিন বলেন, তাঁরা প্রায় ১০ মাস ধরে সুনামগঞ্জ ও সিলেটে মারজানার চিকিৎসা করিয়েছেন। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় সিলেটের চিকিৎসকদের পরামর্শে এখন তাকে ঢাকায় নেওয়া হয়েছে। অক্সিজেন ছাড়া সে নিশ্বাস নিতে পারে না। কয়েক দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিল। ঢাকায় হাসপাতালে এই কয়েক দিনে প্রায় দুই লাখ টাকা পাঠিয়েছেন। এখনো ৫৩ হাজার টাকার ওষুধের বিল বাকি আছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সৈকত দাস জানান, তিনি ১৫ জানুয়ারি ঢাকায় গিয়ে মারজানাকে দেখে এসেছেন। সিস্টেমিক স্কেলেরোসিস একটি বিরল রোগ। ১০ লাখ লোকের মধ্যে ৮-১০ জনের এ রোগ পাওয়া যায়। তার ফুসফুসেও সমস্যা আছে।
সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী বলেন, মারজানা পড়ালেখায় বেশ ভালো। অসুস্থতার বিষয়টি জানার পর থেকে তাঁরা মারজানার খোঁজখবর রাখছেন। সবার সহযোগিতায় সে সুস্থ হয়ে আবার বিদ্যালয়ে ফিরে আসুক, এটাই তাঁদের প্রত্যাশা।
মারজানার বড় ভাই আল আমিন বলেন, ‘যা ছিল সবকিছু দিয়ে বোনের চিকিৎসা করিয়েছি। যত দিন পেরেছি কারও কাছে চাইনি। এখন আমরা অসহায়। বোনটার মুখের দিকে তাকালে বড় কষ্ট লাগে। আমরা তাকে বাঁচাতে চাই। মানুষের সহায়তা ছাড়া তার চিকিৎসা চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়।’
সুনামগঞ্জ পৌর শহরের একদল তরুণ স্বেচ্ছাসেবী মারজানার চিকিৎসায় সহায়তার জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহের চেষ্টা করছেন। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বিশ্বজন’–এর সভাপতি কর্ণ দাশ বলেন, তাঁরা ১৫ দিন ধরে মারজানার সহায়তায় ক্যাম্পেইন চালাচ্ছেন। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা সহযোগিতা করেছেন। তবে করোনার কারণে সবখানে যেতে পারছেন না তাঁরা। কর্ণ দাশ মারজানাকে সহায়তা করার জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।