বগুড়ায় মোটর মালিক গ্রুপের একাংশের নেতাদের অনুপস্থিতিতেই জেলা প্রশাসনের সঙ্গে গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গ্রুপের নির্বাচনে অন্তর্বর্তীকালীন প্রশাসকের কাছে দায়িত্বভার হস্তান্তর নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ শুক্রবার বিকেলে ওই বৈঠক ডাকা হয়েছিল।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষের বৈঠকে উপস্থিত হননি জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক শাহ আকতারুজ্জামান ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলামের নেতৃত্বাধীন মালিক সমিতির নেতারা।
উপস্থিত ছিলেন মোটর মালিক গ্রুপের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনসহ তাঁর নেতৃত্বাধীন অংশের নেতারা। শাহ আকতারুজ্জামান মোটর মালিক গ্রুপের বর্তমান কমিটির সভাপতি আর আমিনুল ইসলাম সম্পাদক।
এক পক্ষের অনুপস্থিতিতে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক জিয়াউল হক বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।
তবে বৈঠকে অনুপস্থিত থাকার বিষয়ে মোটর মালিক গ্রুপের সম্পাদক আমিনুল ইসলাম বলেছেন, জেলা প্রশাসনের বৈঠক ডাকার বিষয়ে তাঁরা অবগত ছিলেন না। বৈঠকে দেওয়া জেলা প্রশাসকের নির্দেশের বিষয়ে আমিনুল বলেন, গ্রুপের নির্বাচন সম্পন্ন করতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে করা একটি রিট নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আদালত যে আদেশ দেবেন, তাঁরা তা মেনে নেবেন। আদালতে রিট নিষ্পত্তির আগে একই বিষয়ে প্রশাসনের বৈঠক করার কোনো এখতিয়ার নেই।
জানা গেছে, বগুড়া মোটর মালিক গ্রুপের কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। বিরোধের জেরে একজন মালিককে কুপিয়ে হত্যার ঘটনাও ঘটে। ওই হত্যা মামলায় প্রধান আসামি করা হয় আমিনুল ইসলামকে।
২০১৮ সাল থেকে মোটর মালিক গ্রুপের রাজাবাজার কার্যালয় মঞ্জুরুল আলম–সমর্থিত অংশের এবং চারমাথা টার্মিনাল কার্যালয় আকতারুজ্জামান-আমিনুলের সমর্থকদের দখলে।
এমন পরিস্থিতিতেই ১২০ দিনের মধ্যে বগুড়া মোটর মালিক গ্রুপের নির্বাচন সম্পন্ন করতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ৬ ডিসেম্বর বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালাহউদ্দিন আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব বুঝে না দেওয়ায় সালাহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার পুলিশ-ম্যাজিস্ট্রেট নিয়ে মোটর মালিক গ্রুপের কার্যালয়ে গেলে আকতারুজ্জামান-আমিনুল সমর্থিত পরিবহন মালিক-শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে বগুড়ার সঙ্গে সারা দেশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে প্রশাসনের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকেরা। ওই দিনই প্রশাসনের পক্ষ থেকে বগুড়া মোটর মালিক গ্রুপের নির্বাচন নিয়ে জটিলতা নিরসনে দুই পক্ষকে নিয়ে বৈঠক ডাকা হয়।