জনপ্রতিনিধি হয়ে সেবা করতে চান ইউপি সদস্য প্রার্থী হান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের কারখানায় তৈরি আলুর চিপস দোকানে দিতে যাচ্ছেন হান্নান মিয়া। গত মঙ্গলবার কেরানীগঞ্জের গোলজারবাগ এলাকায়
ছবি: প্রথম আলো

হান্নান মিয়া আলুর চিপস তৈরি করে এলাকার দোকানে বিক্রি করেন। মানুষের বিপদে সহায়তার হাত বাড়িয়ে দেন। এখন জনপ্রতিনিধি হয়ে প্রতিবন্ধীদের জন্য কাজ করতে চান। এলাকার উন্নয়ন করতে চান। এ জন্য তিনি ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

হান্নান মিয়া (৬০) কেরানীগঞ্জ মডেল থানা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটিরও সদস্য। ১৯ অক্টোবর কেরানীগঞ্জ উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে হান্নান মিয়া সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ইউপির ৯ নম্বর ওয়ার্ডের গোলজারবাগ এলাকার বাসিন্দা স্বপন মিয়া বলেন, ‘হান্নান মিয়া ছোটখাটো মানুষ (উচ্চতা সাড়ে তিন ফুট)। অথচ সব সময় আমাদের বিপদে-আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই তাঁকে ডাকা হয়, তখনই তিনি ছুটে আসেন। আসন্ন ইউপি নির্বাচনে দলমত-নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা হান্নান মিয়াকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে। এলাকার উন্নয়নে হান্নান মিয়াকে এলাকাবাসীর সুযোগ দেওয়া উচিত।’

হান্নান মিয়া বলেন, ‘আমাদের সমাজে বহু প্রতিবন্ধী মানুষ। দৃষ্টিপ্রতিবন্ধী, শ্রবণপ্রতিবন্ধী, বাক্‌প্রতিবন্ধী, কোনো অঙ্গহানির কারণে প্রতিবন্ধী। আবার কেউ বুদ্ধিপ্রতিবন্ধী। এই প্রতিবন্ধীদের কেউ তেমন খোঁজ নেয় না। এমনকি তাদের কেউ তেমন সাহায্য–সহযোগিতাও করে না। এতে প্রতিবন্ধীরা মেধা ও যোগ্যতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে না। সমাজে প্রতিবন্ধীদের অবস্থান অত্যন্ত অবহেলিত। পরিবার থেকে শুরু করে সব স্থানেই প্রতিবন্ধীদের বোঝা হিসেবে দেখা হয়। তারা এত কিছুর মধ্যে দুর্বিষহ জীবন যাপন করছে।’

হান্নান মিয়া আরও বলেন, ‘আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে প্রতিবন্ধীদের শিক্ষা ও জীবন মানের উন্নয়নে কাজ করব। তাঁদের কল্যাণে ও অধিকার আদায়ে আমি কাজ করতে চাই।’

হান্নান মিয়া বলেন, ‘আমি আশাবাদী। নির্বাচনে জয়ী হয়ে আমার ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করে জনগণের ইচ্ছা পূরণ করতে সক্ষম হব। এ ছাড়া সমাজে অবহেলিত প্রতিবন্ধীদের সাহায্য-সহযোগিতায় কাজ করতে পারব।’

আগামী ২৮ নভেম্বর কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নসহ ১১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।