সরেজমিন রংপুর—২
জনপ্রতিনিধিদের জবাবদিহি করার সুযোগ ভোটারদের
ইউপি জনপ্রতিনিধিদের সঙ্গে ভোটারদের মুখোমুখি করার প্ল্যাটফর্ম ওয়ার্ড সভা। এতে ভোটাররা জনপ্রতিনিধিদের জবাবদিহি করার সুযোগ পান।
রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামছুল হক। ২০১৯ সালের মার্চ মাসে ওয়ার্ড সভায় রামচন্দ্রপুর গ্রামের রহিমের বাড়ি থেকে আর কে রোড পর্যন্ত সড়ক সংস্কারের প্রস্তাব দেন তিনি। এরপর আরও তিনটি ওয়ার্ড সভা হয়েছে। কিন্তু সামছুল হকের প্রস্তাবিত সড়কটি সংস্কার হয়নি।
৮ মার্চ কুর্শা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সর্বশেষ ওয়ার্ড সভা হয়৷ সামছুল হক সেখানে উপস্থিত হয়ে তার প্রস্তাব বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সড়কটিতে অটোরিকশা তো দূরের কথা, হেঁটেও চলাচল কষ্ট। এর আগের সভাগুলোতেও সড়কটি মেরামত করতে বলেছিলাম; কিন্তু কাজ হয়নি।
ইউনিয়ন পরিষদ (ইউপি) আইন অনুযায়ী, ইউপির প্রতিটি ওয়ার্ডে একটি ওয়ার্ড সভা গঠন করতে হয়। প্রতিটি ওয়ার্ডের ভোটারদের নিয়ে ওই সভা হবে। এই ওয়ার্ড সভা বছরে কমপক্ষে দুটি সভা করবে। ওয়ার্ড সভার কোরাম থেকে ওয়ার্ডের মোট ভোটার সংখ্যার ২০ ভাগের ১ ভাগ সদস্যের উপস্থিতি থাকতে হয়।
ওয়ার্ড সভা মূলত জনপ্রতিনিধিদের সঙ্গে ভোটারদের মুখোমুখি করার একটি প্ল্যাটফর্ম। এতে ভোটাররা সরাসরি তাদের চাহিদা তুলে ধরতে পারেন। ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করার সুযোগ থাকে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য সভায় উপস্থিত থাকেন।
ইউনিয়ন পরিষদ আইনে ওয়ার্ড সভাকে বেশ কিছু ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়তা, ওয়ার্ড পর্যায়ে প্রকল্প তৈরি, সরকারি বিভিন্ন কর্মসূচির উপকারভোগীদের তালিকা প্রস্তুত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সহযোগিতা এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করা অন্যতম।
এ বিষয়ে কুর্শা ইউপির চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, জনগণের চাহিদা অনেক, কিন্তু পরিষদের সম্পদ সীমিত। বছরে ইউপিতে নলকূপ বরাদ্দ আসে ২০টি। এর মধ্যে স্থানীয় সাংসদ বণ্টন করেন ১২টি৷ বাকি আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বরাদ্দের দায়িত্ব দেওয়া হয়।
কুর্শা ইউনিয়নের রহিমের বাড়ি থেকে আর কে রোড পর্যন্ত সড়ক সংস্কারে সম্ভাব্য খরচ ধরা হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা। তবে ইউনিয়ন পরিষদ এখনো এই সড়ক সংস্কারে বরাদ্দ দেয়নি। আগের ওয়ার্ড সভার কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে ওয়ার্ড সদস্যরা পরবর্তী সভায় সেটির ব্যাখ্যা জানতে চাইতে পারেন। সেই হিসেবে এলাকার ভোটার সামছুল হক তাঁর প্রস্তাব বাস্তবায়ন না হওয়ার সমালোচনা করেন।
ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সভা আয়োজনে সহযোগিতা করেছে ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)’ প্রকল্প পাঁচ বছর মেয়াদি ওই প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ। ৬৫ কোটি ৬৩ লাখ টাকার এই প্রকল্পে উন্নয়ন সহযোগী হিসেবে রয়েছে ইউএনডিপি, সুইজারল্যান্ড দূতাবাস এবং ডেনমার্ক দূতাবাস।
ফরিদপুর, চাঁদপুর, রাজশাহী, খুলনা, পটুয়াখালী, সুনামগঞ্জ, রংপুর, নেত্রকোনা ও কক্সবাজার জেলার ২৫১টি ইউপিতে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির উদ্দেশ্য স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে এসডিজি অর্জনে সহায়তা করা।
যেসব ইউনিয়ন পরিষদ ইএএলজি প্রকল্পের অন্তর্ভুক্ত নয়, সেখানে ওয়ার্ড সভাকে খুব গুরুত্ব দেওয়া হয় না। ওয়ার্ড সভা নিয়মিত হয় না। ওয়ার্ড সভার করার জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। অনেক ইউপির ৯টি ওয়ার্ডে বছরে ১৮টি সভা করার জন্য প্রয়োজনীয় লোকবল ও সামর্থ্য নেই।
এ বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, ভোটারদের ফোরাম হিসেবে ওয়ার্ড সভা যেভাবে কার্যকর হওয়া দরকার, তা হচ্ছে না। ওয়ার্ড সভার প্রয়োজনীয়তা রয়েছে, এটিকে শক্তিশালী করতে হবে। এতে বছরে অন্তত এক-দুইবার জনপ্রতিনিধিদের ভোটারদের মুখোমুখি হওয়ার সুযোগ থাকে। ওয়ার্ড সভার জন্য আলাদা একটি নির্দেশিকা করা এবং বরাদ্দ রাখা প্রয়োজন।