জনবল ছাড়াই হাসপাতাল উদ্বোধন

৫০ শয্যাবিশিষ্ট নলডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সটি গতকাল উদ্বোধন করেন নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারতলা ভবনটি হয়েছে কেবল। সব চিকিৎসা সরঞ্জাম আসেনি এখনো। চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় লোকবলও নেই। এমনকি প্রশাসনিক অনুমোদনও মেলেনি। এ অবস্থায় শুধু সাংসদের ইচ্ছায় উদ্বোধন করা হয়েছে হাসপাতালটি। শুধু তা-ই নয়, কঠোর বিধিনিষেধের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ খানেক মানুষের উপস্থিতিতে দুই ঘণ্টা ধরে চলে সেই অনুষ্ঠান। ৫০ শয্যাবিশিষ্ট নাটোরের নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি গতকাল মঙ্গলবার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম।

জানতে চাইলে সাংসদ শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, খুব বেশি লোকজন তাঁর সঙ্গে ছিলেন না। যাঁরা ছিলেন, তাঁরা মুখে মাস্ক পরে ছিলেন। এ ছাড়া সবাইকে সভাকক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, নবগঠিত নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরের পাশের তিন একর জমিতে ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হয়। প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষ হয় চলতি বছরের মে মাসে। ওই মাসেই হাসপাতালটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। স্বাস্থ্য বিভাগ হাসপাতালটি চালুর জন্য প্রশাসনিক অনুমোদন চেয়ে দরখাস্ত করে। পাশাপাশি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য ১৫ জন চিকিৎসকসহ ৮৪ জনের নিয়োগ চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেয়। কিন্তু গত দুই মাসে প্রশাসনিক অনুমোদন ও জনবল কোনোটাই মেলেনি। এ কারণে হাসপাতালটি উদ্বোধন করা যাচ্ছিল না।

অবশেষে গতকাল দুপুরে প্রশাসনিক অনুমোদন ও জনবল ছাড়াই হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাংসদ শফিকুল ইসলাম। জেলা প্রশাসক ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দুপুর পৌনে ১২টার দিকে সাংসদ ফলক উন্মোচন ও ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন। যদিও উদ্বোধনী ফলকে লেখা ছিল, ‘তারিখ: ১৪ মে, ২০২১ খ্রি.’। উদ্বোধনকালে ২৫০-৩০০ লোক উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর সাংসদসহ প্রায় ১০০ জন হাসপাতালের সভাকক্ষে যান এবং বেলা দুইটা পর্যন্ত সভা করেন। সেই সভায় জেলা প্রশাসক, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলী, নাটোর পৌরসভার মেয়র, নলডাঙ্গার ইউএনও, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিপি সিরাজুল ইসলামসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সবার মুখে মাস্ক ছিল। তবে সামাজিক দূরত্ব ছিল না।

সভায় সাংসদ শফিকুল ইসলাম বলেন, ‘নবগঠিত নলডাঙ্গা উপজেলার বাসিন্দাদের আজ একটা বড় স্বপ্ন পূরণ হলো। চিকিৎসার জন্য এখন থেকে এখানকার মানুষকে আর নাটোর বা রাজশাহীতে যেতে হবে না। একই সঙ্গে নির্বাচনের আগে দেওয়া আমার একটা প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো। হাসপাতালটির স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমি স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি। এ ব্যাপারে মহাপরিচালকের সঙ্গে কথাও হয়েছে। দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

* কঠোর বিধিনিষেধের মধ্যেই শ খানেক মানুষের উপস্থিতিতে দুই ঘণ্টা চলে উদ্বোধনী অনুষ্ঠান। * ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রগুলো থেকে চিকিৎসক এনে এই হাসপাতালের বহির্বিভাগ চালু করা হবে।

তবে নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল ইসলাম বলছেন, প্রশাসনিক অনুমোদন ও প্রয়োজনীয় জনবল নিয়োগ না দিয়ে শুধু সস্তা জনপ্রিয়তা লাভের আশায় যেনতেনভাবে হাসপাতালটি উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে আসাদুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়নি।

নবনির্মিত হাসপাতালটির প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুব হোসেনকে। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, হাসপাতালটি পরিচালনার জন্য ১৫ জন চিকিৎসকসহ ৮৪ জনকে নিয়োগ দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। তাঁদের একজনকেও নিয়োগ দেওয়া হয়নি। তবু হাসপাতালটি উদ্বোধন করা হচ্ছে। হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম। তিনি ইচ্ছা পোষণ করায় হাসপাতালটি এ অবস্থায় উদ্বোধন করা হলো। আপাতত এই উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রগুলোতে যেসব চিকিৎসক নিয়োগ দেওয়া আছে, তাঁদের এই হাসপাতালে বসিয়ে বহির্বিভাগ চালু করা হবে। একই সঙ্গে এখান থেকে করোনার টিকা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

নলডাঙ্গার একজন কলেজশিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, চাহিদার ৮৪ জনের একজনকেও নিয়োগ না দিয়ে হাসপাতাল উদ্বোধন করার মানেই হয় না। যদি উপজেলা স্বাস্থ্য উপকেন্দ্রগুলো থেকে চিকিৎসক এনে এই হাসপাতালে বসানো হয়, তাহলে ওই স্বাস্থ্য উপকেন্দ্রে যেসব স্থানীয় বাসিন্দা চিকিৎসা নিতে আসেন, তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।

নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, হাসপাতালে মেডিসিন, সার্জারি, অর্থোপেডিকস, নাক কান গলা, শিশু, স্কিন, কার্ডিওলজি ও গাইনি বিভাগ থাকবে। পাশাপাশি একটি পোস্ট-অপারেটিভ বিভাগও থাকবে। এ ছাড়া হাসপাতালে নিজস্ব জেনারেটর ও বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও বলেন, এ মুহূর্তে অনেক সংকট রয়েছে। তবে রোগীরা পর্যায়ক্রমে সব সুবিধা ভোগ করতে পারবেন।