কার্যালয়ে জনবল আছে তিন ভাগের এক ভাগ। কিন্তু কাজ অনেক। এ অবস্থায় রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম অনেকটা মুখ ধুবড়ে পড়েছে।
ওই বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, পরিচালক, উপপরিচালকসহ অনুমোদিত ২০ পদের বিপরীতে জনবল থাকার কথা ২৬ জন। কাগজে–কলমে আছে ৯ জন। কিন্তু বর্তমানে বাস্তবে কর্মরত আছেন মাত্র ৬ জন। বিভাগীয় কার্যালয়টিতে একমাত্র প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটসহ তিনজন অন্যত্র প্রেষণে দায়িত্ব পালন করছেন। অনুমোদিত ১৩ পদে কোনো জনবলই নেই। এই ১৩ পদসহ জনবল শূন্য রয়েছে ১৭ জন।
খোঁজ নিয়ে জানা গেছে, অনুমোদিত জনবল অনুযায়ী রংপুর বিভাগীয় কার্যালয়ে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের পদ রয়েছে মাত্র একটি। এ পদে দায়িত্বে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজীব মাহমুদ। কিন্তু তিনি প্রেষণে দায়িত্ব পালন করছেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরে। এ কারণে অভিযান পরিচালনা করা দুষ্কর হয়ে পড়েছে। একমাত্র ল্যাব অ্যাটেনডেন্ট পাবনায় এবং অফিস সহায়ক দিনাজপুর জেলা কার্যালয়ে সংযুক্ত রয়েছে।
দীর্ঘদিন ধরে সিনিয়র কেমিস্ট, জুনিয়র কেমিস্ট, হিসাবরক্ষণ কর্মকর্তা, সিনিয়র টেকনিশিয়ান, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, স্টোরকিপার, প্রসেস সার্ভার, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, নমুনা সংগ্রহ সহকারির দুটি, নিরাপত্তাপ্রহরীর দুটি এবং পরিদর্শকের তিনটি পদ শূন্য রয়েছে।
পরিবেশ অধিদপ্তরকে শিল্পপ্রতিষ্ঠানের দূষণ জরিপ, দূষণকারী শিল্পপ্রতিষ্ঠান চিহ্নিতকরণসহ নিয়ন্ত্রণের ব্যবস্থা, প্রয়োজন অনুসারে বিধিলঙ্ঘনকারী ব্যক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মামলা দায়ের, পরিবেশ দূষণকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন, শিল্পকারখানা পরিদর্শন ও পরিবেশগত ছাড়পত্র প্রদান, পরিবেশদূষণ–সংক্রান্ত অভিযোগ গ্রহণ, বিভিন্ন এলাকার পুকুর টিউবওয়েল ও খাবার পানির গুণগত মান নির্ণয়ের জন্য নিয়মিত নমুনা সংগ্রহ, পরিবেশগত গণসচেতনতা সৃষ্টি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জীব নিরাপত্তায় কার্যক্রম গ্রহণ, পরিবেশগত গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন প্রকল্প ও গবেষণাকর্ম গ্রহণ এবং বাস্তবায়ন, নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ পরিবেশ সংরক্ষণসংক্রান্ত বিভিন্ন কাজ নিয়মিত পরিচালনা করতে হয়।
ওই কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রংপুর বিভাগের ৮ জেলায় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ইটভাটা রয়েছে ৯৫৩টি। এর মধ্যে অবৈধ ইটভাটা রয়েছে ৮১৯টি। অটোরাইস মিল আছে ৫২১টি।
বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, জনবলের অভাবে অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা বা পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অসম্ভব হয়ে পড়েছে। তবুও বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ২০২১ সালে ১১০টি অবৈধ ইটভাটায় ২৪টি অভিযান পরিচালনা করে ৪ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকা এবং চলতি বছরে এখন পর্যন্ত ৩২টি ইটভাটায় পাঁচটি অভিযান চালিয়ে ১ কোটি ৪২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন।
রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে কোনো এক্সকাভেটর যন্ত্র নেই। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অবৈধ কোনো ইটভাটা বা পরিবেশের ক্ষতিকারক অবৈধ অন্য কোনো স্থাপনা উচ্ছেদ করতে এক্সকাভেটর যন্ত্র অপরিহার্য হয়ে পড়ে। এ ক্ষেত্রে এক্সকাভেটর ভাড়া করতে হয়।
রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের কাজ অনেক। বিভাগীয় কার্যালয়ে অনুমোদিত ২০টি পদে জনবল থাকার কথা ২৬ জন। বাস্তবে আছে মাত্র ৬ জন। কার্যালয়ের একমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকেও নেই। অনেকেই বলে পরিবেশ অধিদপ্তর কাজ করে না।
নেতিবাচক সংবাদও ছাপা হয়। কিন্তু জনবল নেই, সেটা কেউ লেখেও না, বুঝতেও চায় না। বিভাগে ইটভাটার সংখ্যা ৯৫৩। একেকটি ইটভাটা একবার পরিদর্শন করলে পুনরায় সেটি পরিদর্শন করা তিন-চার বছরেও সম্ভব হয়ে ওঠে না। আমাদের নিজস্ব এক্সকাভেটর যন্ত্র নেই। ভাড়া নিয়ে অভিযান চালাতে হয়। পাবলিক ভয়ে এ যন্ত্র আমাদের ভাড়া দিতে চান না। জনবলসংকটসহ এমন প্রতিকূল অবস্থায় পরিবেশ সংরক্ষণে রংপুর বিভাগে সঠিকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না।