জনবান্ধব চট্টগ্রাম গড়তে নাছিরের ৩৫ দফা
জলাবদ্ধতামুক্ত জনবান্ধব চট্টগ্রাম গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। নির্বাচনের ছয় দিন আগে গতকাল বুধবার সকালে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ৩৫ দফার এই ইশতেহার ঘোষণা করা হয়।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানটি বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলে তা ৪৫ মিনিট দেরিতে শুরু হয়। বিলম্বের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চান অনুষ্ঠানের সঞ্চালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।
নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে আ জ ম নাছিরকে হাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাই।’ তবে ইশতেহার তৈরির প্রক্রিয়ায় তাঁর যুক্ত না থাকার বিষয়টি গণমাধ্যমকে জানাতে ভোলেননি তিনবার নির্বাচিত সাবেক এই মেয়র। তিনি বলেন, ‘যদি এটি তৈরিতে আমার সহযোগিতা নেওয়া হতো তবে আরও সুন্দর হতো। আমি ইশতেহারের একজন বিশেষজ্ঞ। কয়েকবার নির্বাচনে অংশ নিয়েছি। তার পরও বলছি, এতে কোনো ভুল-ত্রুটি থাকলে আমরা সমাধান করে নেব।’
পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা মহিউদ্দিন চৌধুরীর কাছে জানতে চান, শুরুতে নাছিরের সঙ্গে প্রচারণায় অংশ নিলেও এখন তাঁকে প্রার্থীর সঙ্গে দেখা যাচ্ছে না কেন? জবাবে মহিউদ্দিন বলেন, ‘এটা আমাদের পলিসি। দুজনে ভাগাভাগি করে গণসংযোগ করছি। এটি করা হচ্ছে মানুষের আস্থা অর্জনের জন্য।’
চট্টগ্রাম নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করা আ জ ম নাছির উদ্দিন তাঁর ৩৫ দফা অঙ্গীকারের মধ্যে পাহাড় রক্ষা ও বনায়ন, পানিদূষণ রোধ, পানিসংকট নিরসন ও জলাধার রক্ষা, কর্ণফুলী রক্ষা, শিক্ষার প্রসার, স্বাস্থ্য সুরক্ষা, ডিজিটাল চট্টগ্রাম, যাতায়াত ও পরিবহনব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, পথচারীদের জন্য শৌচাগারের উন্নয়ন, শ্রমিক স্বার্থ সুরক্ষা, ব্যবসা-বাণিজ্যের সংকট নিরসন, আধুনিক নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠা, আয়বর্ধক প্রকল্প গ্রহণ এবং স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।
আ জ ম নাছির বলেন, জলাবদ্ধতা থেকে চট্টগ্রামকে মুক্ত করতে চট্টগ্রাম বন্দর, পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রেলওয়ে, পরিবেশ অধিদপ্তর, মেট্রোপলিটন পুলিশ, ওয়াসাসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করা হবে। বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।
জলাবদ্ধতা দূর করতে খাল ও নালাগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া, পরিকল্পিতভাবে আধুনিক পদ্ধতিতে খাল খনন, খালের গভীরতা ও প্রশস্ততা বাড়ানো, খালে ময়লা-আবর্জনা জমা বন্ধ করতে নিয়মিত তদারক ও ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য একটি বোর্ড গঠন, বহদ্দারহাট থেকে কর্ণফুলী পয়েন্ট পর্যন্ত নতুন খালটি দ্রুত খনন করা, প্রতিটি খালের মুখে স্লুইচ গেট স্থাপন, কর্ণফুলী নদীর মাঝে জেগে ওঠা চর খনন করে নদীর ধারণক্ষমতা বাড়ানো এবং ১৯৯৫ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রণীত মহাপরিকল্পনার সময়োপযোগী নবায়ন ও বাস্তবায়ন করার পরিকল্পনার কথা জানান আ জ ম নাছির।
তবে জলাবদ্ধতা দূর করতে তাঁর সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে আ জ ম নাছির বলেন, ‘জলাবদ্ধতা নিরসন সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব না। এ জন্য সরকারের বিশেষ বরাদ্দ দরকার। আমি যেহেতু সরকার-সমর্থিত প্রার্থী, তাই আমার পক্ষে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। আর জলাবদ্ধতা নিরসনের জন্য সদিচ্ছা, আন্তরিকতা ও একাগ্রতারও প্রয়োজন রয়েছে।’ খাল দখলের সঙ্গে জড়িত প্রভাবশালীদের বিরুদ্ধে কী ব্যবস্থা ও কোন প্রক্রিয়ায় তা উদ্ধার করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে খালগুলো উদ্ধার করে হবে। এর সঙ্গে জড়িতদের একচুল পরিমাণও ছাড় দেওয়া হবে না।’
ইশতেহারে উল্লেখ করা হয়েছে উন্নয়ন ও সেবায় বরাদ্দ পাওয়া টাকা কোনো ‘প্রেশার গ্রুপের’ স্বার্থ হাসিলে নতি স্বীকার করা হবে না। প্রেশার গ্রুপ বলতে কাকে বুঝিয়েছেন জানতে চাইলে আ জ ম নাছির বলেন, কাউকে উদ্দেশ করে এই কথা বলা হয়নি।
মেগাসিটির ব্যাপারে আ জ ম নাছির বলেন, ‘মেগাসিটি একটি টার্গেট, ভিশন। কর্ণফুলী নদীর তলদেশে টানেল হচ্ছে। কর্ণফুলীর দুপারে শহর হবে, পর্যায়ক্রমে জনসংখ্যা বাড়বে।’
জলাবদ্ধতা নিরসনের বিষয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, সবার কাছ থেকে সহযোগিতা ও পরামর্শ নিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে।