জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পাওয়ার আগেই নোয়াখালী সদর উপজেলার চর দরবেশ গ্রামে চালু করা হয়েছে পুরোনো টায়ার থেকে ‘গ্রিন অয়েল’ উৎপাদনের একটি কারখানা। কারখানার বিষাক্ত গ্যাসে আশপাশের এলাকার জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
কারখানার মালিকপক্ষের দাবি, কারখানাটি কেবল পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। তা ছাড়া যে প্রযুক্তি ব্যবহার করে কারখানাটি করা হয়েছে, তাতে পরিবেশদূষণ কিংবা জনস্বাস্থ্যের ওপর কোনো ধরনের প্রভাব পড়ার আশঙ্কা অমূলক।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মান্নাননগর-স্টিমারঘাট সড়কের পাশে চর দরবেশ গ্রামের জনবসতিপূর্ণ স্থানে কারখানাটির অবস্থান। আশপাশে ফসলি জমি। কারখানার বাইরে কিংবা ভেতরে কোনো সাইনবোর্ড নেই। নেই সীমানাপ্রাচীরও। বাঁশের বেড়া দিয়ে কারখানার চারপাশ ঘিরে রাখা। ওই এলাকায় যেতেই ঝাঁজালো গন্ধ নাকে লাগে।
কারখানার কর্মকর্তারা বলেন, আধুনিক প্রযুক্তিতে পুরোনো টায়ার থেকে গ্রিন অয়েল উৎপাদন করা হয়, যা জ্বালানি তেল হিসেবে বাজারে বিক্রি করা হয়। পাশাপাশি বর্জ্য হিসেবে বের হওয়া কার্বন বিক্রি করা হয় ইটভাটায়।
দেখা যায়, কারখানায় উৎপাদিত গ্রিন অয়েল যে পাকা ট্যাংকে মজুত করে রাখা হয়, তার ওপরে পাকা ছাদের বদলে টিনের চাল দেওয়া।
এ প্রসঙ্গে কারখানার টেকনিশিয়ান দীপক মহন্ত বলেন, ট্যাংকের ছাদ তৈরি করা হবে। এ ছাড়া কারখানার কিছু ত্রুটি এরই মধ্যে তাঁদের নজরে এসেছে, যা শিগগিরই দূর করা হবে।
কারখানা থেকে কয়েক শ গজ দূরের একটি বাড়ির গৃহিণী আয়েশা বেগম বলেন, ‘কারখানাটিতে রাতে যখন টায়ার পোড়ানো হয়, তখন তীব্র গন্ধে ঘরে থাকা দায়। দিনেও গন্ধ যায় না। তিন-চার মাস ধরে এ অবস্থা চলছে। এতে আমার এবং ছেলেমেয়েদের হাঁচি-কাশিসহ নানা রোগব্যাধি দেখা দিয়েছে।’
পাশের চর শুল্লকিয়া গ্রামের আবদুর রব বলেন, ‘কারখানাটির বিষাক্ত গ্যাসের কারণে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। কারখানার প্রায় আধা বর্গকিলোমিটার এলাকার বাতাসে ঝাঁজালো গন্ধ ভেসে বেড়ায়। কিছুদিন ধরে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা কারখানাটি বন্ধ রাখার দাবি জানিয়ে আসছি।’
স্কুলছাত্র মো. ওছমান বলল, ‘গন্ধের কারণে কারখানার পাশ দিয়ে স্কুলে যেতে কষ্ট হয়। দম বন্ধ হয়ে আসে।’
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইউসুফ মিঞা বলেন, ‘উৎপাদন থেকে বাজারজাত পর্যন্ত স্বয়ংক্রিয় পদ্ধতি অনুসরণ না করলে গ্রিন অয়েলের সঙ্গে থাকা বিষাক্ত সালফার ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড ও বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ অতি সহজে বায়ুর সঙ্গে মিশে মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।’
নোয়াখালী জেনারেল হাসপাতালের হৃদ্রোগ বিভাগের কনসালট্যান্ট করিমুল হুদা সিরাজী বলেন, ‘বাতাসে সালফার ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাসের প্রভাবে মানুষের ফুসফুসে সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি হাঁচি-কাশি ও শ্বাসকষ্টসহ নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।’
কারখানার নির্বাহী পরিচালক মোবাশ্বের হোসেন বলেন, ‘শতভাগ পরিবেশবান্ধব প্রযুক্তিতে যানবাহনের পুরোনো টায়ার থেকে গ্রিন অয়েল উৎপাদনের লক্ষ্যে কারখানাটি স্থাপন করা হয়েছে। এরই মধ্যে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা চার দফায় কারখানাটি পরিদর্শন করেছেন। সর্বশেষ পরিদর্শন শেষে পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে।’
পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পুরোনো টায়ার থেকে গ্রিন অয়েল উৎপাদনের জন্য কারখানার মালিকপক্ষ আবেদন করেছে। কারখানা চালুর অনুমোদন এখনো দেওয়া হয়নি।’ তিনি বলেন, কারখানাটিকে পরীক্ষামূলক উৎপাদনের অনুমতিও দেওয়া হয়নি।