জন্মনিবন্ধন করতে ভোগান্তি, সহায়তা চেয়ে ইউএনওর কাছে লিখিত আবেদন
সম্প্রতি ইউনিক আইডি কার্ড গ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের ডিজিটাল জন্মনিবন্ধন কার্ড চাচ্ছে। ডিজিটাল জন্মনিবন্ধন কার্ড গ্রহণের আবেদন করেও আবেদন গৃহীত হয়নি এক যমজ সন্তানের বাবার। একই দিনে জন্ম, একই তারিখে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি সনদ ও নিবন্ধন থাকলেও ওই যমজ সন্তান পাচ্ছে না জন্মনিবন্ধন কার্ড। যমজ সন্তানের জন্মনিবন্ধন কার্ড নিতে হবে ছয় মাস ব্যবধানের তারিখ উল্লেখ করে। এমনই অভিযোগ করে ভোগান্তির কথা জানালেন মৌলভীবাজারের কমলগঞ্জের এক ব্যাংকার অভিভাবক।
৩০ অক্টোবরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা বোর্ডের নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে বলে প্রয়োজনীয় সহায়তা চেয়ে যমজ সন্তানের এ অভিভাবক কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন।
কমলগঞ্জের শমশেরনগর পূবালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা রঞ্জিত কুমার সিংহ বলেন, তাঁর দুটি যমজ ছেলে অভিষেক থোঙাম ও অনিমেষ থোঙামের জন্ম হয় ২০০৭ সালের ১৪ জানুয়ারি। তাদের জন্মের পর আদমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে একই তারিখ দেখিয়ে দুটি জন্মনিবন্ধন কার্ড গ্রহণ করেছিলেন। তবে সে কার্ডগুলো ডিজিটাল না থাকায় অফলাইনে ছিল। তারা এ জন্মতারিখ উল্লেখ করে ইতিমধ্যেই প্রাথমিক সমাপনী পরীক্ষা ও জুনিয়র সমাপনী পরীক্ষায় নিবন্ধন করে উত্তীর্ণ হয়ে সনদও গ্রহণ করেছে। এখন তাদের দশম শ্রেণির নিবন্ধনে এসে জন্মনিবন্ধন কার্ডগুলো ডিজিটাল করতে হচ্ছে। এ সময় জন্মনিবন্ধনের সার্ভার দুই যমজ সন্তানের এক তারিখে জন্মনিবন্ধন গ্রহণ করছে না। বিষয়টি ইউনিয়ন কার্যালয় থেকে ইউএনওর কার্যালয়ে এলে ইউএনও জেলা তথ্য অফিসে আলোচনা করে জানান, ছয় মাস ব্যবধান দেখিয়ে যমজ সন্তানদের ডিজিটাল জন্মনিবন্ধন কার্ড গ্রহণ করতে হবে।
রঞ্জিত কুমার সিংহ ক্ষোভ প্রকাশ করে বলেন, একই তারিখে দুই ছেলের জন্ম ও এ তারিখে দুটি পাবলিক পরীক্ষায় নিবন্ধন করে সনদও গ্রহণ করেছে তারা। এখন নতুন করে কীভাবে দুই সন্তানের জন্মতারিখ হবে ছয় মাস ব্যবধানের। তিনি সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, আদমপুরের তেতেইগাঁর রসিদ উদ্দীন উচ্চবিদ্যালয় থেকে তাঁকে তাগাদা দেওয়া হচ্ছে ৩০ অক্টোবরের মধ্যে তাঁর দুটি যমজ ছেলে অভিষেক থোঙাম ও অনিমেষ থোঙামের ডিজিটাল জন্মনিবন্ধন কার্ড এনে জমা দিতে। অন্যথায় তারা বোর্ডের নিবন্ধন থেকে বাদ পড়বে। এতে তিনি অসহায় হয়ে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে রোববার ইউএনওর কাছে লিখিত আবেদন করেছেন।
আদমপুরের ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, জন্মনিবন্ধন সার্ভারে এ সমস্যা হচ্ছে। এখানে ইউপির করার কিছু নেই। তাই তিনি ইউএনওর সহায়তা চেয়েছিলেন। তাঁর ইউনিয়নে আর চারটি যমজ সন্তানেরও এ সমস্যা হয়েছে।
আদমপুর ইউপির উদ্যোক্তা ও তথ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলেন, জন্মনিবন্ধন সার্ভার যেভাবে তথ্য চায়, তা পূরণ করতে না পারলে ডিজিটাল জন্মনিবন্ধন কার্ড হচ্ছে না।
ইউএনও আশেকুল হক, সমস্যা সমাধানে তিনি জেলা তথ্য অফিসেরও সহায়তা চেয়ে ব্যর্থ হয়েছেন। তাঁকে জানানো হয়েছে, যমজ সন্তানদের বেলায় ডিজিটাল জন্মনিবন্ধন কার্ড গ্রহণে ছয় মাস ব্যবধান দেখিয়ে জন্মতারিখ দিতে হবে। যমজ সন্তানের বাবার আবেদন গ্রহণের সত্যতা নিশ্চিত করে তিনি আরও বলেন, এ সমস্যা সমাধান করতে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা যোগাযোগ করছেন।