জন্মস্থানে পিছিয়ে পোশাকশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাকের জন্মস্থান চট্টগ্রামে ক্রমেই পিছিয়ে পড়ছে এ খাতটি। একদিকে কমছে কারখানার সংখ্যা, অন্যদিকে রপ্তানির হিস্যাও। ১৯৭৮ সালে চট্টগ্রাম থেকেই গোড়াপত্তন হয়েছিল বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির।
দেশের প্রথম রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ‘দেশ গার্মেন্টস’ দিয়ে শুরু হয়েছিল খাতটির যাত্রা। সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় প্রায় ৯ একর জমির ওপর কারখানাটি গড়ে তোলেন নুরুল কাদের। কারখানা শুরুর আগে ১৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে গিয়ে ছয় মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
সেই দেশ গার্মেন্টসের হাত ধরে আশির দশকে যাত্রা শুরু হওয়া তৈরি পোশাক দেশজুড়ে বিপুল বিস্তৃত হলেও চট্টগ্রামে সেই হারে হয়নি। বরং যতই দিন যাচ্ছে, এ খাতে চট্টগ্রাম পিছিয়ে যাচ্ছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয়ের একাধিক কর্মকর্তা ও চট্টগ্রামের বেশ কয়েকজন পোশাকশিল্প মালিকের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘৯০-এর দশকেও দেশের মোট তৈরি পোশাক রপ্তানির ৪০ শতাংশেরও বেশি হিস্যা ছিল চট্টগ্রামের। এখন সেটি কমে ১২ থেকে ১৪ শতাংশে নেমে এসেছে।’
প্রতিষ্ঠার ৩৭ বছরেও সেই দেশ গার্মেন্টসের তেমন সম্প্রসারণ হয়নি। কারণ হিসেবে অবশ্য প্রতিষ্ঠানটির পরিচালক ভিদিয়া অমৃত খান প্রথম আলোকে বলেন, পারিবারিক ও ব্যবসায়িক কারণে তাদের ঢাকায় বসবাস করতে হয়। ঢাকায় থেকে চট্টগ্রামে কারখানা পরিচালনা করাও কষ্টসাধ্য কাজ। তা সত্ত্বেও বাবার স্মৃতি ও পোশাক খাতের ঐতিহ্যকে ধরে রাখতে কারখানাটি চট্টগ্রামে রেখে দেওয়া হয়েছে। চলতি বছর এটির সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান ভিদিয়া।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, ১৯৯১ থেকে ২০০০ সাল—এই দশ বছরে চট্টগ্রামে প্রায় ৪০০ নতুন তৈরি পোশাক কারখানা গড়ে উঠেছিল। সেই হিসাবে প্রতিবছর গড়ে ৪০টি করে নতুন কারখানা স্থাপিত হয়েছে চট্টগ্রামে। তার বিপরীতে ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত এ দশ বছরে গড়ে উঠেছে ১৭৪টি কারখানা। সেই হিসাবে শেষ দশ বছরে প্রতিবছর গড়ে কারখানা স্থাপিত হয়েছে ১৭টি করে। অর্থাৎ ১৯৯৯ থেকে ২০০০ এবং ২০০৬-২০১৫ সালের তুলনা করলে তাতে দেখা যাচ্ছে, কারখানা স্থাপনের হার কমে প্রায় অর্ধেক হয়ে গেছে।
বিজিএমইএর একাধিক নেতার সূত্রে ও বিভিন্ন সভা-সেমিনারে উপস্থাপিত তথ্য অনুযায়ী, চট্টগ্রামে নিবন্ধিত মোট রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা রয়েছে ৭৬৯টি। এর মধ্যে সচল আছে ৪৬৮টি আর বন্ধ বা অস্তিত্বহীন কারখানার সংখ্যা ৩০১টি। আবার যে ৪৬৮টি গার্মেন্টস কারখানা সচল রয়েছে তার মধ্যে প্রতিবছর গড়ে রপ্তানি করে ৩০০ প্রতিষ্ঠান।
একাধিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৩ সালে তৈরি পোশাক রপ্তানির জন্য চট্টগ্রামের বিজিএমইএ থেকে ইউডি (ইউটিলাইজেশন ডিক্লারেশন) নিয়েছিল ৩৪৩টি কারখানা। ৬ কোটি ৮ লাখ ২২ হাজার ডজন তৈরি পোশাকের রপ্তানি আদেশের বিপরীতে এ ইউডি নেওয়া হয়। ২০১৪ সালে এসে রপ্তানির জন্য ইউডি নিয়েছে ২৯৭টি প্রতিষ্ঠান আর ২০১৫ সালে ইউডি নিয়েছে ২৬৫টি কারখানা। অর্থাৎ প্রতিবছরই রপ্তানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে।
প্রচলিত বিধান অনুযায়ী, বাংলাদেশের কোনো তৈরি পোশাক কারখানা বিদেশি পণ্য রপ্তানি করতে চাইলে রপ্তানি আদেশের বিপরীতে বিজিএমইএর কাছ থেকে সনদ নেওয়া বাধ্যতামূলক। যদি রপ্তানিপণ্যের জন্য বিদেশ থেকে কাঁচামাল আমদানি করার প্রয়োজন হয় সে ক্ষেত্রে বিজিএমইএর কাছ থেকে ‘ইউডি’ সনদ নিতে হয়। আর দেশের কাঁচামাল ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান রপ্তানি করতে চাইলে সে ক্ষেত্রে বিজিএমইএর কাছ থেকে ‘রপ্তানি সনদ’ নিতে হয়। অর্থাৎ বিজিএমইএর সনদ ছাড়া তৈরি পোশাক রপ্তানির সুযোগ নেই।
বিজিএমইএর সাবেক সহসভাপতি এস এম আবু তৈয়ব বলেন, ব্যবসা-বাণিজ্যের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সেবা ঢাকাকেন্দ্রিক। এমনকি বিদেশি ক্রেতারাও চট্টগ্রামের চেয়ে ঢাকাকে বেশি গুরুত্ব দেন। তাই চট্টগ্রামে কোনো শিল্পকারখানা গড়তে হলে প্রয়োজনীয় বিভিন্ন সেবার জন্য বা ক্রেতাদের সঙ্গে বৈঠক করতে হলেও আমাদের ঢাকায় দৌড়াতে হয়। তাই উদ্যোক্তারাও নতুন বিনিয়োগের ক্ষেত্রে ঢাকামুখী হচ্ছেন।
গত কয়েক দিনে আলাপকালে চট্টগ্রামকেন্দ্রিক পোশাক শিল্প মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদেশি ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের জরিপের পর চট্টগ্রামের বেশ কিছু কারখানা স্থানান্তর করতে হবে। এটি করতে গেলে হয় নতুন করে জায়গা কিনে তাতে নতুন করে কারখানা সাজাতে হবে। কিন্তু সেটি খুবই ব্যয়সাপেক্ষ। কারণ শিল্পের জন্য সুবিধাজনক যেসব এলাকা রয়েছে সেখানে পর্যাপ্ত জমি নেই। আবার যেখানে জমি পাওয়া যাচ্ছে, সেখানে দাম অনেক বেশি। তাই কেউ কেউ চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় কারখানা সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে একজন তৈরি পোশাক শিল্প মালিক তাঁর দুটি কারখানা চট্টগ্রাম থেকে ঢাকায় সরিয়েও নিয়েছেন।
চট্টগ্রামের তৈরি পোশাকের সামগ্রিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ঢাকায় শিল্প-কারখানা বা ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা যত দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়, চট্টগ্রামের ক্ষেত্রে সেটি বিলম্বে ঘটে। কারণ ঢাকার ব্যবসায়ীরা যত দ্রুত নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, চট্টগ্রামের বেলায় সেটি হয় না।
চট্টগ্রামে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প পিছিয়ে পড়লেও পণ্য রপ্তানি ও প্রয়োজনীয় কাঁচামাল আমদানির পুরোটাই চট্টগ্রাম বন্দরনির্ভর। বন্দর সুবিধার পরও সেটিকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারছেন না। তৈরি পোশাক মালিকেরা বলছেন, পরিকল্পিতভাবে চট্টগ্রামে তৈরি পোশাকশিল্পের বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্ভব হলে তাতে এ খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। কারণ তাতে পণ্য পরিবহনের খরচ যেমন কমবে, তেমনি সময়েরও সাশ্রয় হবে।