জবানবন্দি দিলেন র্যাবের দুই সদস্য
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাব-১১-এর দুই সদস্য সাক্ষী হিসেবে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন আবদুস সালাম ও আবদুস সামাদ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের দুই সদস্যকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে নেওয়া হয়। সেখানে সাক্ষী হিসেবে তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন।
এর আগে র্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সাতজনকে অপহরণের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনজন। কিন্তু এই প্রথম র্যাব-১১-এর দুই সদস্য আদালতে ঘটনার সাক্ষী হিসেবে জবানবন্দি দিলেন।
২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং পরের দিন ১ মে একজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা মডেল থানায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন। অন্যদিকে, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা মডেল থানায় পৃথক মামলা করেন।