জব্দ করা ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ এতিমখানায় দিলেন ইউএনও
ঝালকাঠির রাজাপুরে সাড়ে সাত মণ ওজনের নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রির সময় এক মাছ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার বাঘরি মাছবাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেন।
এরপর পদ্মমণি জাতের শাপলাপাতা মাছটি জব্দ করে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করে দেন ইউএনও। দণ্ডপ্রাপ্ত মাছ ব্যবসায়ী মাইনুদ্দিন পিরোজপুর জেলার ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামের বাসিন্দা।
ইউএনও মোক্তার হোসেন জানান, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বিলুপ্তপ্রায় এ মাছ শিকার ও বাজারজাত করা দণ্ডনীয় অপরাধ। তাই মাছটি জব্দ করে ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
‘অ্যানিমেল লাভার্স অব ঝালকাঠি’ নামে একটি সংগঠনের সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেন।
ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) তথ্যানুযায়ী, শাপলাপাতার ১৬টির মতো প্রজাতি আছে। বাংলাদেশে যে ৮ থেকে ১০ প্রজাতির শাপলাপাতা পাওয়া যায়, তার মধ্যে ২টি প্রজাতি মহাসংকটাপন্ন ও ৩টি সংকটাপন্ন। পিতাম্বরী বা নাঙলা ও ঘণ্টি শাপলাপাতাকে মহাসংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। পান্ন্যা, শিংচোয়াইন ও ঠোট্ট্যা ঘাপরি শাপলাপাতাকে সংকটাপন্ন হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আছে চিত্রা হাউশ শাপলাপাতা, ছোটলেজি শাপলাপাতা, কালি শাপলাপাতা, ফুল শাপলাপাতা, বাদুড় শাপলাপাতা, বাদা শাপলাপাতা, থাইন ও চুনি প্রজাতি। এর কয়েকটি প্রজাতির বিক্রি নিষিদ্ধ।