জমি উদ্ধারের লড়াই কৃষকদের
পাহাড়ধসের ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি রাঙামাটি। কোন খাতে কত ক্ষতি, তা–ও চূড়ান্ত করা যায়নি। ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী পুনর্বাসন কবে হবে সেটিও এখনো নিশ্চিত নয়। সহায়–সম্বল হারানো লোকজনের অনেকেই নিজের সাধ্যমতো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন

গাছের ভাঙা ডাল, পাতা, পাথর, বালু ও পাহাড়ি মাটির স্তূপ জমেছে জমিতে। এই স্তূপের চার-পাঁচ ফুট নিচে চাপা পড়েছে কৃষক সুরেন্দ্র চাকমার ৮০ শতক জমি। দুই সপ্তাহ ধরে ধরে স্ত্রী সুনতি চাকমাকে নিয়ে জমিতে থাকা জঞ্জাল পরিষ্কার করছেন তিনি। কিন্তু এখনো জমির অর্ধেক অংশে হাতই দিতে পারেননি তিনি। যেটুকু জমি পরিষ্কার করেছেন, তাতেও দুই-তিন ফুট বালু রয়ে গেছে। বালুর ওপরই আমনের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ঘিলাছড়ি ইউনিয়নের ভূইয়ো আদামের কৃষক সুরেন্দ্র চাকমা (৪৫)। গত ১৩ জুন ভয়াবহ পাহাড়ধসে তাঁর ৮০ শতক জমির পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়। আমন ও বোরো মৌসুমে ধান চাষ করে এই জমি থেকে সারা বছরের খোরাকি আর সংসার খরচ জোগাড় করতেন তিনি। গত বছর ৬৫ মণ ধান পেয়েছেন। এবার আমনের ভরা মৌসুমে এখনো চাষই শুরু করতে পারেননি। তবে চেষ্টা করছেন অন্তত অর্ধেক অর্থাৎ ৪০ শতক জমিতে আমন রোপন করতে।
গত মঙ্গলবার সুরেন্দ্র চাকমা প্রথম আলোকে বলেন, জমির ওপর এখনো বালুর স্তূপ। তবু ধান লাগাচ্ছেন। ফলন কতটুকু হবে, আদৌ হবে কি না জানেন না। কিন্তু এ ছাড়া তাঁর আর অন্য কোনো উপায়ও নেই।
নানিয়ারচরের ঘিলাছড়ি ইউনিয়নের ভূইয়ো আদাম গ্রামের বেশির ভাগ ফসলি জমি এখনো মাটির নিচে চাপা পড়ে আছে। ধ্বংসযজ্ঞের চিত্রটা তুলে ধরতে গিয়ে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমা বলেন, পাহাড়ধসে এই ইউনিয়নে
৫০ শতাংশ ফসলি জমিই চাপা পড়েছে। কৃষকেরা আপ্রাণ চেষ্টা করছেন বালু সরিয়ে আবার চাষ শুরু করতে।
আমন চাষের ভরা মৌসুমে কৃষকদের এখন চারা গাছের যত্ন নেওয়ার কথা। কিন্তু পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির গ্রামগুলোতে কৃষকেরা জমি থেকে পাথর আর বালু সরানোর কাজ করছেন। সুরেন্দ্র চাকমার মতো বহু কৃষক বালুর ওপরই আমনের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছেন। সারা বছরের খোরাকি নিয়ে দুশ্চিন্তা তাঁদের। অথচ পাশে দাঁড়ানোর মতো কাউকে পাচ্ছেন না তাঁরা।
জেলার কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, তিন ইউনিয়নে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ না পাওয়ায় ক্ষয়ক্ষতির হিসাব করেননি তাঁরা।
জেলায় ২৩ হাজার ৩০০ একর জমিতে এ বছর আমন চাষের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কৃষি বিভাগ। কিন্তু পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় লক্ষ্যমাত্রার ৪০ ভাগ জমিতেও আমন চাষ সম্ভব হবে কি না সন্দেহ কৃষি কর্মকর্তাদের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক প্রথম আলোকে বলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত চারটি উপজেলার অনেক জমি এখনো তিন থেকে চার ফুট বালুর নিচে চাপা পড়ে আছে। এসব এলাকার ৪০ ভাগ জমি কৃষকদের চেষ্টায় পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কতটুকু ফলন হবে, তা বলা যায় না। সে কারণে জেলায় এবার আমন লক্ষ্যমাত্রার ৭০ ভাগ অর্জিত হবে।
রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩ জুন পাহাড়ধস ও পাহাড়ি ঢলে ব্যাপক চাষযোগ্য জমি ক্ষতিগ্রস্ত হলেও সদর উপজেলা ছাড়া জেলায় কোথাও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি। অথচ জেলার ১০টি উপজেলার মধ্যে ৭টিতেই পাহাড়ধসে ফসলি জমির ক্ষতি হয়েছে। এর মধ্যে রাঙামাটি সদর, কাপ্তাই, নানিয়ারচর ও কাউখালীতে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। আংশিক ক্ষতি হয়েছে বিলাইছড়ি, বরকল ও জুরাছড়ি এলাকার ফসলি জমির।
কৃষি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সদর উপজেলায় ১ হাজার ৫২০ একরের মধ্যে ৬৮৯ একর জমি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ২০০ একর মাত্র কৃষকেরা পুনরুদ্ধার করতে পেরেছেন। তবে কাপ্তাই, বিলাইছড়ি, নানিয়ারচর, বরকল ও রাজস্থলী উপজেলার ক্ষতির হিসাব পাওয়া যায়নি।
রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের ডুলুছড়ি, তৈমিদংসহ সাপছড়ি, শুকরছড়ি, বাকছড়ি মোনতলা ও নাড়াইছড়ি এলাকার মানুষের একমাত্র আয়ের উৎস ধান ও সবজি চাষ। এক মাস ধরে জমির পাথর, বালু ও মাটি সরাচ্ছেন এখানকার কৃষকেরা। এসব জমিতে ফলন না হওয়ার আশঙ্কা থাকলেও তাঁরা হাল ছাড়েননি।
সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে শুকরছড়ি মুখ এলাকায় কৃপামনি চাকমা ও রহেলী দেওয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করছি, অন্যান্য বছরের তুলনায় অর্ধেক হলেও ফলন পাব। আয়ের কোনো উৎস না থাকায় এভাবেই চাষ করতে হচ্ছে আমাদের। তবে অর্ধেক ফলন পেলেও আমাদের চাষের খরচ উঠে আসবে না এবার।’
সদর উপজেলার সাপছড়ি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হারুন রশিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমার ব্লকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমি কৃষকদের বলেছি যেখানে বালু জমেছে সেখানে বাদাম চাষ করতে। এ জন্য বীজ সরবরাহ করা হবে। এতে কিছুটা হয়তো ধাক্কা সামাল দিতে পারবেন তাঁরা।’
১৪২ স্থানে পাহাড়ধস
১৬ বর্গকিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটি পৌরসভায়
২০০ কোটি টাকার ক্ষতি সড়কের
৮৩ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত
৩ কোটি টাকার ফসল নষ্ট
সূত্র: রাঙামাটি জেলা প্রশাসন