দাকোপে হুকুমদখল
জমি ও জীবিকা রক্ষার দাবিতে জনসভা
খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়নের ৩০০ একর কৃষিজমিতে বালু ফেলার উদ্যোগ।
খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের কূলঘেঁষা বাণীশান্তা ইউনিয়নের ৩০০ একর কৃষিজমি রক্ষার দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার জনসভা হয়েছে। বিকেলে বাণীশান্তা-ভোজনখালী সংযোগ সড়ক মাঠে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাণীশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটি । এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষকে উপকূলের জীবন-জীবিকা ধ্বংস করে কৃষিজমিতে ড্রেজিংয়ের বালু ফেলার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়।
জনসভায় প্রধান বক্তা ছিলেন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল। তিনি বলেন, প্রান্তিক মানুষের জমি ও জীবিকা ধ্বংস করে উন্নয়নের নামে পশুর নদে চালানো আগ্রাসী খনন শুধু সুন্দরবনের বাস্তুতন্ত্রের ওপরই আঘাত নয়, বরং দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে চরম মানবিক বিপর্যয়ের সম্মুখীন করে তুলেছে। স্থানীয় জনগণের সঙ্গে কথা না বলে এ রকম অগ্রহণযোগ্য প্রকল্প সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে পরিচালিত কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে।
সভাপতির বক্তৃতায় বাপা নেতা নূর আলম শেখ বলেন, বাণীশান্তা ইউনিয়নের তিন ফসলি কৃষিজমি ধ্বংস করে মোংলা বন্দর কর্তৃপক্ষ ড্রেজিংয়ের বালু ফেললে কৃষকেরা কর্মহীন হয়ে পড়বেন। এ ছাড়া উচ্ছেদ ও পরিবেশ বিপর্যয় ঘটবে এবং কর্মহীন মানুষ সুন্দরবনের ওপর অধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়বে, যা টেকসই উন্নয়ন ধারণার পরিপন্থী।
জনসমাবেশে বক্তারা বলেন, পশুর নদের পাড়ের বাণীশান্তা ইউনিয়নের মানুষের আয়ের একমাত্র উৎস কৃষিকাজ। তাঁদের সেই জীবিকা এখন হুমকির মুখে পড়তে যাচ্ছে। মোংলা বন্দর চ্যানেলের অধিক গভীরতার জন্য পশুর নদ খনন করে মাটি ও বালু ফেলতে তাঁদের চাষযোগ্য জমি হুকুমদখল করা হচ্ছে। একই সঙ্গে অপরিকল্পিত এই ড্রেজিং প্রকল্পের ফলে পরিবেশ-প্রকৃতি ধ্বংসের প্রক্রিয়া চলছে। কৃষিজমি, নদ-নদী, বনভূমি-জলাশয়, পাহাড় এবং জীববৈচিত্র্য নষ্ট করে উন্নয়ন কর্মকাণ্ড আবশ্যক ও টেকসই, কোনোটিই নয়। অবিলম্বে কৃষিজমি ধ্বংস করে ড্রেজিংয়ের বালু ফেলার সিদ্ধান্ত থেকে সরে এসে পরিবেশবান্ধব, জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবি জানান বক্তারা। প্রয়োজনে চলমান আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতিসংঘের উন্নয়ন গবেষণা প্রধান এবং বাপার সহসভাপতি নজরুল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্য দেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান। স্বাগত বক্তব্য দেন বাণীশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদেব কুমার রায়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুব বাপার কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান নূরতাজ আলম, বাণীশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সঞ্জীব মণ্ডল, সিপিবি খুলনা জেলার সাধারণ সম্পাদক রুহুল আমীন, বাণীশান্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল কান্তি রপ্তান, কৃষকনেতা কিশোর রায়, বাণীশান্তা ইউপির প্যানেল চেয়ারম্যান এনায়েত হোসেন প্রমুখ।
তিন ফসলি কৃষিজমির ওপর নির্ভর করে বংশপরম্পরায় ওই এলাকার মানুষের জীবন-জীবিকা চলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন্দরের প্রয়োজনে দীর্ঘদিন বালু, মাটি ফেলে রাখায় তাঁদের জমি উর্বরতা হারাবে। সামান্য কিছু ক্ষতিপূরণ হয়তো মিলবে, তবে ফসল উৎপাদনে দীর্ঘমেয়াদি ক্ষতির শিকার হতে হবে তাঁদের। একসময় উদ্বাস্তু হয়ে ভিটেবাড়ি ছাড়তে হবে। কৃষিজমি রক্ষার দাবিতে ওই অঞ্চলের বিক্ষুব্ধ লোকজন দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মারুফুল আলম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জমির ফসলের যে পরিমাণ ক্ষতিপূরণ, সেই তথ্য আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের কাছ থেকে নিয়ে থাকি। এরই মধ্যে সেটা পেয়েছি। জেলা প্রশাসক তাতে স্বাক্ষর করেছেন। জমি প্রত্যাশী সংস্থা মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে সেই ক্ষতিপূরণের টাকা জমা দেওয়ার জন্য চিঠি লিখছি।’
বাণীশান্তার ৩০০ একর জমি হুকুমদখল নিয়ে ২০২০ সালের ১৪ ডিসেম্বর ‘উদ্বাস্তু হওয়ার শঙ্কায় তাঁরা’ এবং গত ১২ ফেব্রুয়ারি ‘কৃষিজমি হুকুমদখল: জীবিকা হারানোর শঙ্কা কৃষকের’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।