জমি দখলে ভাঙা হলো সরকারি স্থাপনা

কৃষি সম্প্রসারণ বিভাগের লিখিত অভিযোগে বলা হয়েছে, ভবনটি ভেঙে ফেলায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুতুবপুর ইউপি ভবনের সামনে কোয়ার্টার কাম শস্যভান্ডার ভবন রাতে ভেঙে ফেলা হয়েছে। গতকাল তোলা
প্রথম আলো

চুয়াডাঙ্গা সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জমি দখলে নিতে সরকারি স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে সরোজগঞ্জ বাজারে কুতুবপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে কোয়ার্টার কাম শস্যভান্ডার ভবনের প্রায় ৯০ শতাংশ ভেঙে ফেলা হয়।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে কৃষি সম্প্রসারণ বিভাগ। অভিযোগে বলা হয়েছে, ভবনটি ভেঙে ফেলায় ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এ সম্পর্কে সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর বলেন, বাজারের কাছে হওয়ায় ওই জমির দাম বেশি। একটি প্রভাবশালী মহল জমি দখল করে বহুতল বাণিজ্যিক ভবন তৈরির জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা করে আসছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এক্সকাভেটর দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরে হয়তো তারা দখলের চেষ্টা করবে।

তালহা জুবাইর আরও বলেন, ‘আমরা এ ব্যাপারে থানায় অভিযোগ করেছি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। কে বা কারা ভেঙেছে, বাজারের সিসি টিভি ক্যামেরাগুলোর ফুটেজ পরীক্ষা করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।’

লিখিত অভিযোগে ভবন ভাঙায় জড়িত কারও নাম উল্লেখ করা হয়নি। তবে নাম প্রকাশ না করার শতে৴ কৃষি বিভাগের এক কর্মী বলেন, সেখানকার ৫০ শতাংশ জমির বর্তমান বাজারমূল্য ১৫ থেকে ২০ কোটি টাকা। ওই ঘটনার সঙ্গে কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলি আহাম্মেদ হাসানুজ্জামান জড়িত। চেয়ারম্যান ওই জমি দখল করে বহুতল বাণিজ্যিক ভবন তৈরি করতে চান।

এ অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আলি আহম্মেদ বলেন, কৃষি বিভাগের ভবনটি ছিল পরিত্যক্ত কোয়ার্টার, যেখানে কেউ বাস করেন না। একটি কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র আছে। বাকি কক্ষের দরজা-জানালা বলতে কিছু নেই। লোকজন সেখানে প্রস্রাব-পায়খানা করত। দুর্গন্ধে ইউনিয়ন পরিষদ ভবনে বসা যেত না। ভবনটি অপসারণ করতে কৃষি সম্পসারণ বিভাগের কর্মকর্তাদের বারবার অনুরোধ করার পরও কোনো লাভ হয়নি। মঙ্গলবার রাতে ভবনটি এমনিতেই ভেঙে পড়েছে।

এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ১৯৬০ সালে তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের জমি থেকে ৫০ শতাংশ জমি শস্যবীজ ভান্ডার তৈরির জন্য কৃষি বিভাগকে দিয়েছিলেন। শর্ত ছিল, শস্যভান্ডার হলে কৃষি বিভাগ জমি পাবে, নাহলে পরিষদকে ফেরত দেবে। দীর্ঘদিনেও সেখানে শস্যভান্ডার হয়নি। তাই জমি ফেরত পেতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই ওই জমিতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের (সাবেক ব্লক সুপারভাইজার) দপ্তর কাম বাসভবন ও ভান্ডার রয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা আগে পরিবার নিয়ে পাকা ভবনটিতে বসবাস করতেন। কয়েক মাস ধরে সেটিকে দপ্তর হিসেবেই ব্যবহার করা হচ্ছিল।

সদর থানার ওসি বলেন, রাতের বেলা কে বা কারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থাপনা ভেঙে ফেলেছে। এতে তাদের ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।