জমি দখলের চেষ্টা মামলায় রহনপুর পৌর মেয়রসহ ২৫ জনের জামিন
জোরপূর্বক বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে জমি দখলের চেষ্টার মামলায় কারাগারে থাকা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, দুই কাউন্সিলর, সার্ভেয়ারসহ ২৫ জন জামিন পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আদীব আলী এ জামিনের আদেশ দেন।
মেয়রের আইনজীবী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালতে জামিনের আবেদন করা হয়েছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানি শেষে জেলা জজ তাঁদের জামিন মঞ্জুর করেন।
গোমস্তাপুর উপজেলার রহনপুরের নুনগোলা এলাকায় একটি বাড়ির সীমানাপ্রাচীর জোরপূর্বক ভেঙে জমি দখলের চেষ্টার অভিযোগে গত বছরের ১৬ সেপ্টেম্বর পৌরসভার মেয়র, দুই কাউন্সিলর, সার্ভেয়ারসহ ২৬ জনকে আসামি করে গোমস্তাপুর আমলি আদালতে মামলা করেন নাজমা বেগম। ওই মামলায় গত ২৪ জানুয়ারি আদালত শর্ত সাপেক্ষে আসামিদের অর্ন্তবর্তীকালীন জামিন দেন। শর্ত ছিল জব্দ করা নির্মাণসামগ্রী (ইট ও লোহার রড) ফেরত দিতে হবে এই সময়ে।
৬ ফেব্রুয়ারি ছিল তাঁদের সেই জামিনের শেষ তারিখ। তাঁরা গত রোববার আদালতে উপস্থিত হয়ে আবারও জামিন প্রার্থনা করেন। আদালত তাঁদের আরও ২৪ ঘণ্টার অর্ন্তবর্তীকালীন জামিন দেন ও এই সময়ের মধ্যে জব্দ করা মালামাল ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশনা না মেনে আবারও গত সোমবার জামিন প্রার্থনা করলে গোমস্তাপুর আমলি আদালতের বিচারক হুমায়ূন কবীর পৌর মেয়রসহ আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।