জমি নিয়ে দুই প্রতিষ্ঠানের বিরোধ আবার প্রকাশ্যে

প্রতিষ্ঠান দুটি হলো বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ।

ভুট্টা সংগ্রহ করে ধান চাষের জন্য জমি প্রস্তুত করেন গবেষণা বিভাগের শ্রমিকেরা। গতকাল রাজশাহীর শ্যামপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষামূলক চাষের জমি নিয়ে রাজশাহীতে দুটি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। একটি প্রতিষ্ঠানের রোপণ করা ভুট্টা ভেঙে দিয়েছেন আরেক প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা। এক প্রতিষ্ঠানের অভিযোগ, শুধু জমি দখলের জন্য ভুট্টা ভাঙা হয়েছে। আরেক প্রতিষ্ঠান বলছে, সরকারি সম্পদ নষ্ট হওয়া থেকে বাঁচাতে তারা শ্রমিক দিয়ে ভুট্টা নিজেদের ঘরে তুলেছে।

প্রতিষ্ঠান দুটি হলো বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) সরেজমিন গবেষণা বিভাগের কৃষি গবেষণা কেন্দ্র। দুটি প্রতিষ্ঠানেরই কার্যালয় রাজশাহীর শ্যামপুরে। গত শনিবার বিডব্লিউএমআরআইয়ের রোপণ করা ভুট্টা শ্রমিক দিয়ে সংগ্রহ করেন গবেষণা বিভাগের শ্রমিকেরা। পরে খেতের ভুট্টাগাছ ভেঙে ধান চাষের চেষ্টা করা হয়।

আগে বিডব্লিউএমআরআইয়ের নাম ছিল গম ও ভুট্টা গবেষণার আঞ্চলিক কেন্দ্র। ২০১৭ সালে গম ও ভুট্টা গবেষণার আঞ্চলিক কেন্দ্রটিকে ইনস্টিটিউট করা হয় এবং কেন্দ্রের সব স্থাপনা ইনস্টিটিউটের অধীনে থাকবে মর্মে গেজেট প্রকাশ করা হয়। অপর দিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের বিজ্ঞানীরা বলছেন, তাঁদের মহাপরিচালকের কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে গবেষণা মাঠের ২২ একর জমির মধ্যে ইনস্টিটিউট ৭ একর ব্যবহার করবে। আর বাকি জমি সরেজমিন বিভাগের। দুই বছর ধরে গবেষণা মাঠের জমির দখল নিয়ে সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তাদের সঙ্গে ইনস্টিটিউটের বিজ্ঞানীদের মতবিরোধ চলছে।

দুটি প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার গবেষণা মাঠের ছয় বিঘা জমিতে ভুট্টা রোপণ করেন বিডব্লিউএমআরআই। এই প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইলিয়াছ হোসেন অভিযোগ করেন, তাঁরা বারি হাইব্রিড ভুট্টা-১৬ ও ১৭ রোপণ করেছেন। ২০ জুলাইয়ের পরে এই ভুট্টা আহরণ করতে হবে। অথচ গত শনিবার থেকে বিএআরআইয়ের সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তারা শ্রমিক দিয়ে কাঁচা ভুট্টা সংগ্রহ করছেন এবং গাছ ভেঙে ধান চাষের চেষ্টা করছেন। এতে তাঁদের ভুট্টাবীজের মান নষ্ট হয়ে যাবে।

বিএআরআইয়ের সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল আনোয়ার প্রথম আলোকে বলেন, ভুট্টা পেকে গাছ বেরিয়ে গেছে। সরকারি সম্পদ নষ্ট হচ্ছে, তাই তাঁরা শ্রমিক দিয়ে ভুট্টা ঘরে তুলে দিচ্ছেন।

মাজহারুল আনোয়ার অভিযোগ করেন, গম ও ভুট্টা গবেষণার বিজ্ঞানীরা শুধুই জমি দখলে রাখার জন্য ভুট্টা চাষ করেছিলেন। তাঁরা খেতের কোনো পরিচর্যা করেননি। খেতের মধ্যে আগাছার জঙ্গল হয়ে গেছে।

জমির দখল নিয়ে এর আগে গত ২৪ এপ্রিল দুই প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধার উপক্রম হয়। এ নিয়ে বিডব্লিউএমআরআইয়ের পক্ষ থেকে তাদের মহাপরিচালককে পরিস্থিতি অবহিত করে একটি চিঠি দেওয়া হয়। বিরোধের কারণে গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।