জমি নিয়ে বিরোধ, ভাইকে ফাঁসাতে স্ত্রীকে হত্যা: দাবি পুলিশের
ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। সেই বিরোধের জেরে ভাইকে ফাঁসাতে আবদুর রাজ্জাক মণ্ডল (৬০) নিজের স্ত্রীকে হত্যা করেছেন। বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি করেছে। অভিযুক্ত আবদুর রাজ্জাক ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার টাংগাটি গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী নিয়ে থাকতেন গাজীপুরে।
ডিবি পুলিশ জানায়, গত মঙ্গলবার ধোবাউড়া উপজেলার গোয়তলা গ্রামে কংস নদের পাড় থেকে অজ্ঞাতনামা এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্ত হয়। নিহত কিশোরীর নাম রিবা আক্তার (১৫)। ওই কিশোরী অভিযুক্ত আবদুর রাজ্জাকের স্ত্রী। দুই মাস আগে আবদুর রাজ্জাকের সঙ্গে রিবার বিয়ে হয়েছিল।
ডিবি পুলিশ আরও জানায়, আবদুর রাজ্জাকের সঙ্গে তাঁর ভাই আমিনুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সোমবার রাতে আবদুর রাজ্জাক তাঁর স্ত্রী রিবা আক্তারকে নিয়ে টাংগাটি গ্রামে বেড়াতে আসেন। রাজ্জাক রাতে রিবাকে নিয়ে কংস নদের পাড়ে যান। সেখানে রাজ্জাক পূর্বপরিকল্পনা অনুযায়ী তাঁর দুই সহযোগীকে নিয়ে রিবাকে হত্যা করেন। হত্যার পর রিবার লাশ আমিনুল ইসলামের বাড়ির পাশে ফেলে রাখা হয়। লাশের পাশে আমিনুলের ছেলে শহীদুল্লাহর জন্মনিবন্ধন সনদের ফটোকপি ছিল। আমিনুলকে ফাঁসাতেই এমন ঘটনা ঘটানো হয়েছে।
এ ঘটনায় আমিনুল ইসলাম বাদী হয়ে ধোবাউড়া থানায় আবদুর রাজ্জাককে প্রধান আসামি করে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। বুধবার বিকেলে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ গাজীপুর জেলা থেকে আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে রাজ্জাক পুলিশের কাছে হত্যাকাণ্ডের বর্ণনা দেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, হত্যায় অংশ নেওয়া আবদুর রাজ্জাকের দুই সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।