জমি নিয়ে বিরোধে কলেজশিক্ষককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর জেলার মানচিত্র

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এইচ এম কামরুজ্জামান (৫০) নামের এক কলেজশিক্ষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় এইচ এম কামরুজ্জামানকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নাজিরপুর উপজেলার বেঠাকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। তাঁর বাড়ি সদর উপজেলার জুজখোলা গ্রামে।

হাসপাতাল ও আহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুজ্জামানের সঙ্গে চাচাতো ভাই গিয়াস উদ্দিন হাওলাদারের জমি নিয়ে বিরোধ রয়েছে। সোমবার দুপুরে গিয়াস উদ্দিন হাওলাদার ধান খেতে আল কেটে কামরুজ্জামানের জমি দখল করে আবাদ করছিলেন। এ সময় কামরুজ্জামান বাধা দিলে গিয়াস উদ্দিন লোকজন নিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন। ধারালো অস্ত্রের কোপে কামরুজ্জামানের বাঁ হাতের দ্বিতীয় আঙুলের অনেকাংশ কেটে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান কামরুজ্জামান।

বক্তব্য জানতে গিয়াস উদ্দিন হাওলাদারের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ধরেননি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।