জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে বৃদ্ধ নিহত
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে ঘরের সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ইটের আঘাতে আবদুল গফুর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় শাহপরীর দ্বীপের কোনারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল গফুর সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনারপাড়ার প্রয়াত নাদির হোসেনের ছেলে। সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউপি সদস্য রেজাউল করিম বলেন, তিন-চার মাস আগে গফুরের শ্যালক জাফর আহমদের সঙ্গে একই এলাকার সখিনা বেগমের ঘরের সীমানা নিয়ে বিরোধ দেখা দেয়। সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু সেটি না মেনে সখিনা বেগম পুলিশের কাছে অভিযোগ দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে দুই পক্ষের নারীদের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে বিবাদ সৃষ্টি হলে এক পক্ষ অপর পক্ষকে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় একটি ইটের টুকরা এসে আবদুল গফুরের বুকে লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। পরে লোকজন তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথে শাহপরীর দ্বীপ-টেকনাফ সড়কের ভরাখাল নামক এলাকায় তাঁর মৃত্যু হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইফফাত কামাল বলেন, রাত আটটার দিকে একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির মাথা ও শরীরে কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহতের শ্যালক জাফর আহমদ বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে আগে থেকে ঘরের সীমানা নিয়ে বিরোধ ছিল। নারীদের ঝগড়ার পর এক বৃদ্ধ মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।