জমি নিয়ে বিরোধে ভাইয়ের মাথা থেঁতলে হত্যার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
জমি–সংক্রান্ত বিরোধ নিয়ে খুলনায় বড় ভাইয়ের বিরুদ্ধে ইট দিয়ে মাথা থেঁতলে ছোট ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রূপসা উপজেলার টিএস বাহিরদিয়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
বাহিরদিয়া গ্রামের বাসিন্দা ৫৩ বছর বয়সী ইনতাজ মোল্লা ইট দিয়ে তাঁর তিন বছরের ছোট ভাই ইসরাইল মোল্লার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, ইনতাজ রূপসার টিএস বাহিরদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। জমিজমা নিয়ে মাঝেমধ্যেই ইসরাইলের সঙ্গে ঝগড়া হতো।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জমিজমা–সংক্রান্ত বিবাদে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় ইটের আঘাতে ইসরাইল মোল্লার মাথা থেঁতলে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় রাত ৯টা পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।