জমি নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা, আহত ২
শেরপুরের শ্রীবরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মো. শেখবর আলী (৪৫) উপজেলার রাণীশিমুল ইউনিয়নের সীমান্তঘেঁষা হালুয়াহাটি গ্রামের বাসিন্দা। একই হামলায় তাঁর ছোট ভাই মো. মাহফুজ (৩০) ও আত্মীয় শরাফত আলী (৭০) আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় হালুয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে নিহত শেখবর আলীর ভাই মো. মাহফুজ বাদী হয়ে শ্রীবরদী থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে হালুয়াহাটি গ্রামের বাসিন্দা জজ মিয়ার সঙ্গে প্রতিবেশী শেখবর আলীর বিরোধ চলছিল। গতকাল বুধবার সন্ধ্যায় বিরোধপূর্ণ জমিতে একটি গাছ কাটা নিয়ে জজ মিয়ার সঙ্গে শেখবরের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জজ মিয়া ও তাঁর কয়েক সহযোগী ধারালো দেশীয় অস্ত্র নিয়ে শেখবর ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে ধারালো অস্ত্রের কোপে শেখবর আলী ঘটনাস্থলেই নিহত হন। আর গুরুতর আহত হন শেখবরের ছোট ভাই মাহফুজ ও আত্মীয় শরাফত আলী। সংবাদ পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গুরুতর আহত শরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। মো. মাহফুজ চিকিৎসা নিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জজ মিয়া, পারুল ও আছেনা নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির লাশে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।