জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূর হাত ভেঙে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ এক গৃহবধূর হাত পিটিয়ে ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে বরগুনার তালতলী উপজেলার কলারং গ্রামে এ ঘটনা ঘটে ।

আহত ওই গৃহবধূর নাম রওশন আরা (৫০)। তিনি তালতলী উপজেলার কলারং গ্রামের সুলতান বয়াতির স্ত্রী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার কলারং গ্রামের সুলতান বয়াতির সঙ্গে একই গ্রামের মোস্তফা বয়াতির ১০ শতাংশ জমি নিয়ে এক বছর ধরে বিরোধ চলছে। শুক্রবার সকালে সুলতান বয়াতির স্ত্রী রওশন আরা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া বাবার বাড়ি থেকে নিজ বাড়ি কলারং আসছিলেন। পথে মোস্তফা বয়াতি, তাঁর স্ত্রী মমতাজ বেগম ও ছেলে মামুন বয়াতি প্রতিবেশী রওশন আরাকে আটকে বেধড়ক মারধর করেন। তাঁদের মারধরে রওশন আরা বেগমের বাঁ হাত ভেঙে গেছে।

খবর পেয়ে তাঁর স্বজনরা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হিমাদ্রী রায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে স্বজনেরা তাঁকে সেখানে নিয়ে ভর্তি করেন।

আহত রওশন আরা বেগমের ছেলে সাইদুর রহমান বলেন, ‘জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মোস্তফা বয়াতি, তাঁর ছেলে মামুন বয়াতি ও তাঁর স্ত্রী মমতাজ বেগম আমার মাকে মারধর করে হাত ভেঙে দিয়েছেন।’

তবে মোস্তফা বয়াতির ছেলে মামুন বয়াতি প্রতিবেশী রওশন আরাকে মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর সঙ্গে শুধু কথা–কাটাকাটি হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমাদ্রী রায় বলেন, রওশন আরা বেগমের বাম হাত ভেঙে গেছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তালতলী থানার পরিদর্শক (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’