জমি নিয়ে বিরোধের জেরে মামার বিরুদ্ধে ভাগিনাকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর জেলার মানচিত্র

জামালপুরের ইসলামপুর উপজেলায় পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে মামার বিরুদ্ধে ভাগিনাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. মুহিবুল্লাহ (৩০)। তিনি ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া এলাকার আলম মিয়ার ছেলে। তাঁর পরিবারের অভিযোগ, মামা সুলতান মিয়ার ধারালো অস্ত্রের আঘাতে মুহিবুল্লাহ গুরুতর আহত হয়েছেন। তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুহিবুল্লাহ তাঁর মায়ের জমির বিষয়ে তাঁর মামা সুলতান মিয়ার কাছে একাধিকবার গিয়েছেন। এ নিয়ে মামা-ভাগনের মধ্যে বিরোধ চলছিল। একাধিবার এই বিরোধকে কেন্দ্র করে স্থানীয়ভাবে সালিস-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

আহত ব্যক্তির মা মাহমুদা বেগম বলেন, তাঁর বাবা তমিজ উদ্দিন কয়েক বছর আগে মারা যান। তাঁর ভাগের জমি সুলতান মিয়া দখল করে রেখেছেন। ওই জমি না দেওয়ার জন্য সুলতান বেশ কিছুদিন ধরে তাঁর ছেলেকে হুমকি দিয়ে আসছিলেন। আজ দুপুরে আবার জমি ফেরত চাইলে সুলতান ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মুহিবুল্লাহর মাথায় আঘাত করেন।

পরে স্থানীয় লোকজন মুহিবুল্লাহকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার পর সুলতান মিয়া পলাতক থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় সাংবাদিকেরা তাঁর বাড়িতে গিয়েও তাঁর কোনো খোঁজ পাননি।

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসমত আলী বলেন, তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।