জমি নিয়ে ১৮ বছর ভুগেছেন অধ্যাপক অরুণ কুমার বসাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক স্থানীয় গণমান্য ব্যক্তিদের বলছিলেন কীভাবে ১৮ বছর ধরে এক প্রতিবেশী তাঁকে মামলা করে হয়রানি করেছেন। গত মঙ্গলবার নগরের সাগরপাড়া এলাকায় তাঁর বাসায়
ছবি: প্রথম আলো

বাংলাদেশে পদার্থবিজ্ঞানের একমাত্র ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক অভিযোগ করেছেন, এক ব্যক্তি ১৮ বছর ধরে তাঁর জমি দখল করে স্থাপনা বানিয়ে মামলা করে তাঁকে ভুগিয়েছেন। সর্বোচ্চ আদালতের রায়ের পর স্থাপনা ভেঙে নিলেও জায়গার দখল ছেড়ে দেননি। গ্রিল দিয়ে ঘিরে রেখেছেন।

ওই ব্যক্তির নাম ইমাম ইয়াহিয়া ফেরদৌস। তিনি অরুণ কুমার বসাকের প্রতিবেশী। তিনি একটি ওয়াক্ফ এস্টেটের মোতোয়ালি। রাজশাহী নগরের সাগরপাড়া এলাকায় ওই ওয়াক্ফ এস্টেটের সম্পত্তিতেই তাঁর বাড়ি।

গত মঙ্গলবার বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, বঙ্গবন্ধু পরিষদের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক কবি আরিফুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অরুণ কুমার বসাকের বাসায় যান। তাঁদের কাছে দুঃখ করে অরুণ কুমার বসাক বলেন, ফেরদৌসের বাবা-মা তাঁকে খুব ভালোবাসতেন। কিন্তু ফেরদৌস তাঁকে এই দুর্ভোগের মধ্যে ফেলেছেন। অরুণ কুমার বসাকের অভিযোগ, ফেরদৌস ২০০৩ সালে তাঁর বাড়ির প্রাচীর ভেঙে সীমানার ভেতরে ঢুকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নকশাবহির্ভূত ভবন নির্মাণ করেন।

অরুণ কুমার বসাকের বাড়ির জমির মালিক তাঁর স্ত্রী দেবিকা বসাক। ২০২০ সালের ১৮ নভেম্বর তিনি মারা যান। এরপর তিনি ওই সম্পত্তির মালিক হন। ২০০৩ সালে বিধিবহির্ভূতভাবে বাড়ি নির্মাণের প্রতিবাদে আরডিএর কাছে লিখিত অভিযোগ করা হয়। আরডিএ সাত মাস পরে নোটিশ দেয়। এর মধ্যে ফেরদৌস জায়গাটি দখল করে ভবন বানিয়ে ফেলেন। আরডিএ ২০০৭ সালে সেটি ভাঙার নোটিশ দেয়। এই আদেশ চ্যালেঞ্জ করে ২০০৮ সালে ফেরদৌস রাজশাহী সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। মামলায় আরডিএকে প্রধান বিবাদী ও দেবিকা বসাককে ৪ নম্বর বিবাদী করা হয়। আদালত মামলায় বিবাদীর পক্ষেই রায় দেন।

এরপর ফেরদৌস দায়রা জজ আদালতে আপিল করেন। একই সঙ্গে মামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্বিত করতে ওয়াক্ফ এস্টেটে দেবিকা বসাকের বিরুদ্ধে এস্টেটের জমি দখলের অভিযোগ এনে মামলা করেন। ওয়াক্ফ এস্টেট রাজশাহী জেলা প্রশাসকের সার্ভেয়ারের মাধ্যমে সরেজমিনে মেপে দেবিকা বসাক জমি দখল করেননি মর্মে প্রতিবেদন ও অভিযোগ থেকে অব্যাহতি দেয়।

এদিকে জজ আদালতেও ফেরদৌস হেরে যান। আদালত মিথ্যা ও হয়রানিমূলক মামলা করায় তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা না দিয়ে তিনি হাইকোর্টে আপিল করেন। ২০২০ সালের জানুয়ারিতে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রেখে বাদীকে প্রকাশ্যে আদালতে ক্ষমাপ্রার্থনা করে মুচলেকা দেওয়ার আদেশ দেন। একই সঙ্গে বিবাদীর কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন। তবে তিনি মামলার বিবাদী দেবিকা বসাকের কাছে ক্ষমা চাননি।

জানতে চাইলে ইমাম ইয়াহিয়া ফেরদৌস প্রথম আলোকে বলেন, ২০২০ সালের জানুয়ারিতে রায় হয়েছে। ফেব্রুয়ারি মাসেই তিনি স্থাপনা ভেঙে নিয়েছেন। আরডিএর কর্মকর্তারা এসে সেটা দেখে গেছেন। গাছ লাগিয়েছিলেন। সেটা তুলেও নিয়েছেন। আদালত রায়ে বিবাদীকে সন্তুষ্ট রাখতে বলেছেন। তিনি দাবি করেন, জরিমানা দেওয়ার রায় আদালতে স্থগিত হয়ে গেছে।

অধ্যাপক অরুণ কুমার বসাক বলেন, আদালতের রায় বাস্তবায়নে আরডিএর কাছে আবেদন করা হয়। আরডিএ স্থাপনা ভাঙার নোটিশ দিলে ফেরদৌস নিজের সুবিধামতো স্থাপনার অংশবিশেষ ভেঙে নেন। কতটা ভাঙার কথা ছিল, তা ঠিকমতো বুঝিয়ে দেননি। আবার দখলও ছেড়ে দেননি। গ্রিল দিয়ে জায়গাটি ঘিরে তাঁর ভেতরে গাছ লাগিয়েছেন। তিনি আদালতের নির্দেশিত জরিমানার টাকাও পরিশোধ করেননি। স্থানীয় কাউন্সিলর সব শুনে বিষয়টি সমাধান করার আশ্বাস দেন।