জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১
চাঁপাইনবাবগঞ্জে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শেখালিপুর রাবনপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. বদিউজ্জামান (৫০)। তিনি শেখালিপুর রাবনপাড়ার মো. আইনুদ্দিনের ছেলে। পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে সকাল সাড়ে সাতটার দিকে বদিউজ্জামানের সঙ্গে চাচাতো ভাই মজিবুর রহমান ও মোখলেসুর রহমানের মধ্যে কথা–কাটাকাটি হয়। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বদিউজ্জামানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
ওসি মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এ ঘটনায় মোখলেসুর রহমানের স্ত্রী নিলুফা বেগমকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের তৎপরতা চলমান।