জমিতে আগাছানাশক দিয়ে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিড়ানি খরচ বাঁচাতে কৃষকেরা বোরো খেতে আগাছানাশক দিয়েছিলেন। আর এতেই ঘটেছে বিপত্তি। খেতে আগাছা না জন্মালেও ধানের চারা থমকে গেছে। এ ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায়।
ভুক্তভোগী কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, চলতি বোরো মৌসুমে জমিতে যাতে আগাছা না জন্মায়, সে জন্য আগাছানাশক ওষুধ ব্যবহার করা হয়। তাঁরা ছাড়াও উপজেলার খোঁচাবাড়ি, নাগেশ্বরবাড়ি, ডাঙ্গাপাড়া, চৌটাকি, মেছনিসহ কয়েকটি গ্রামের শতাধিক কৃষক স্থানীয় খোঁচাবাড়ি বাজারের সার ও কীটনাশক বিক্রেতা নাজিম উদ্দিনের দোকান থেকে পেট্রোকেম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মেটসালফুরান মিথাইল ও ক্লোরিমিউরোন ইথাইন গ্রুপের অ্যালমিক্স ২০ ডব্লিউপি নামের আগাছানাশক কিনে জমিতে ব্যবহার করেন। এরপর থেকেই ধানের চারা লালচে হয়ে পুড়ে মরে যেতে শুরু করে। জমির চারার বৃদ্ধি বন্ধ হয়ে যায়।
বালিয়াডাঙ্গীর মেছনি গ্রামের ভুক্তভোগী কৃষক মোশারুল ইসলাম বলেন, ‘মাসখানেক আগে তিনি চলতি বছরে দুই বিঘা জমিতে বোরো আবাদ করছেন। হাতে টাকা না থাকায় ধারদেনা করে তাঁকে খেতে আগাছানাশকসহ কীটনাশক ও সার কিনে জমিতে দিতে হয়েছে। এখন ধানের চারা লাল হয়ে গেছে। এত কষ্টের পর জমি থেকে ধান না পেলে কীভাবে সংসার চালাব তা বুঝতে পারছি না।’
নাগেশ্বরবাড়ি গ্রামের রবিন রায় বলেন, ‘প্রতি বিঘা ৬ হাজার টাকায় বর্গা নেওয়ার পর ঋণ করে ছয় বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছি। পরে ধনতলার খোঁচাবাড়ি বাজারের কীটনাশক বিক্রেতা নাজিম উদ্দিনের দোকান থেকে অ্যালমিক্স ২০ ডব্লিউপি কিনে ধানখেতে প্রয়োগ করেছি। কিন্তু ধানগাছ বাড়া তো দূরের কথা, গোড়া পচে যাচ্ছে।’
গতকাল রোববার সকালে সরেজমিনে বালিয়াডাঙ্গীর নাগেশ্বরবাড়ি, ডাঙ্গাপাড়া, চৌটাকিপাড়ায় দেখা গেছে, যেসব জমিতে ওই ওষুধ দেওয়া হয়নি, সে জমির ধানের চারা সতেজ রয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত কৃষক চৌটাকি গ্রামের কৃষক বিপুল নাথ বলেন, বিষয়টি স্থানীয় ডিলারের মাধ্যমে কোম্পানির লোকজনকে জানানো হলে তাঁরা পরিদর্শন করেন। তাঁরা জিংকজাতীয় কিছু সার জমিতে দিতে বলেন। তাতেও উপকার হচ্ছে না। এখন নতুন করে ধানের চারা লাগানোর সময় নেই। কী করব বুঝে উঠতে পারছি না।
এ বিষয়ে কীটনাশক বিক্রেতা নাজিম উদ্দিন বলেন, ‘আমরা লাহিড়ি হাটের জয়েন্ট েট্রডার্স থেকে ওষুধ কিনে কৃষকদের দিয়েছি। তা ব্যবহার করে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ডিলারকে জানালে তাঁরা নতুন করে কৃষকদের বিনা মূল্যে কিছু ওষুধ দিতে পরামর্শ দিয়েছেন।’
পেট্রোকেম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবেশক আলমগীর হোসেন বলেন, কৃষকেরা সঠিক মাত্রায় অ্যালমিক্স ব্যবহার না করায় ওই সমস্যা দেখা দিয়েছে।
চাড়োল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটাির্জ বলেন, তাঁর ইউনিয়নে বোরো খেতে পেট্রোকেম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আগাছানাশক প্রয়োগ করে প্রায় ১০০ একর জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পেট্রোকেম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক গোলাম সারোয়ার বলেন, অ্যালমিক্স ২০ ডব্লিউপি নামের আগাছানাশক অনেক দিন ধরেই জমিতে ব্যবহৃত হচ্ছে। বালিয়াডাঙ্গীর যেসব জমিতে সমস্যা দেখা দিয়েছে, সেখানে জমিতে অম্লতা বা ক্ষারতার তারতম্য ও জমিতে জৈব উপাদান না থাকার কারণে এ ঘটনা ঘটতে পারে। কোম্পািনর সুনামের কথা বিবেচনা করে ক্ষতিগ্রস্ত জমিগুলো পরিদর্শন করে কোম্পানির পক্ষ থেকে প্রতিেষধক হিসেবে বিনা মূল্যে সার ও ওষুধ দেওয়া হচ্ছে। শিগগিরই ধানের চারাগুলো সতেজ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক কে এম মাউদুদুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অ্যালমিক্স ২০ ডব্লিউপি নামের আগাছানাশকটি মূলত পানিকচু ও মোছাঘাসের জন্য। কৃষকেরা হয়তো কীটনাশক বিক্রেতার পরামর্শে ধানখেতে এই আগাছানাশক প্রয়োগ করেছে। ফলে চারাগুলোর বৃদ্ধি সাময়িকভাবে থমকে গেলেও আবার ঠিক হয়ে যাবে। এরপরও উন্নতি না হলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।