জমিতে চাষ করার সময় চাচার ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেল ভাতিজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর জেলার মানচিত্র

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মধ্যপাড়া খনি এলাকায় চাচার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ভাতিজা রাসেল বাবুর (৯) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বেলঘাট সুলতানপুর গ্রামের আবাদি জমিতে চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রাসেল উপজেলার বেলঘাট সুলতানপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রফিকুল ইসলামের জমিতে তাঁর ভাই আজিজুল ইসলাম ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় ওই শিশু রাসেল ট্রাক্টরে চড়ার বায়না করলে আজিজুল তাকে ট্রাক্টরে তুলে নেন। একপর্যায়ে ঝাঁকুনিতে ট্রাক্টরের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই শিশু রাসেলের মৃত্যু হয়।

মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক প্রথম আলোকে বলেন, ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় শিশু রাসেল ট্রাক্টরে চড়তে চাইলে চাচা আজিজুল ইসলাম তাকে ট্রাক্টরে তুলে নিয়ে জমি চাষ করছিলেন। একপর্যায়ে ট্রাক্টরের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।