জমির আল নিয়ে বিরোধ, বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমির আল দেওয়াকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর রাজাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আবদুর রহমান (৭০)। তিনি ওই গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, আবদুর রহমানের প্রতিবেশী কামাল পাশা ও তাঁর পরিবারের লোকজন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
আবদুর রহমানের পরিবারের ভাষ্য, আজ দুপুরে আবদুর রহমান বাড়ির পাশের এক জমিতে আল বাঁধতে যান। এ সময় প্রতিবেশী কামাল পাশা, আনিসুর রহমানসহ তাঁদের পরিবারের ৮ থেকে ১০ জন এসে আবদুর রহমানকে বাধা দেন। এ সময় আবদুর রহমানের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কামাল পাশাসহ তাঁর পরিবারের লোকজন আবদুর রহমানকে মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আবদুর রহমানের চিৎকার শুনে বাড়ির লোকজন ও স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। আবদুর রহমানকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আবদুর রহমানের ছেলে গিয়াস উদ্দিন বলেন, কামাল পাশা ও তাঁর পরিবারের লোকজন তাঁর বাবাকে বেধড়ক মারধর করেছে। মারধরের একপর্যায়ে তাঁর বাবাকে টিপে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।
ঘটনার পর থেকে কামাল পাশা ও তাঁর পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন। কামাল পাশা ও তাঁর ভাই আনিসুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া মেলেনি। তাই অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, হাসপাতালে নেওয়ার আগেই আবদুর রহমানের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।