জমির নিবন্ধন ও নামজারি বন্ধ, ভোগান্তিতে মানুষ

বিআরএস জরিপে বিভিন্ন ব্যক্তির জমিতে সরকারের স্বার্থ জড়িত থাকায় তা যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর জেলার মানচিত্র

শরীয়তপুর সদর পৌরসভার পালং মৌজার জমির নিবন্ধন (রেজিস্ট্রি) দুই সপ্তাহ ধরে বন্ধ। আর ভূমির উন্নয়ন কর, খাজনা ও নামজারি বন্ধ রেখেছে উপজেলা ভূমি কার্যালয়। এতে দুর্ভোগে পড়েছেন পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ডের মানুষ।

বিআরএস জরিপে বিভিন্ন ব্যক্তির জমিতে সরকারের স্বার্থ জড়িত থাকায় তা যাচাই-বাছাই করার জন্য সেখানে নিবন্ধন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন।

সদর উপজেলা ভূমি কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এবং ৩ নম্বর ওয়ার্ডের আংশিক ৬০ নম্বর পালং মৌজায় অবস্থিত। ওই মৌজার বিভিন্ন ব্যক্তির জমি বিআরএস জরিপে অর্পিত সম্পত্তি করা হয়। ২০০০ সালে এ এলাকায় বিআরএস জরিপ সম্পন্ন করা হয়েছে। এরপর সরকার ২০১৩ সালে অর্পিত সম্পত্তি অবমুক্ত করার ঘোষণা দেয়। ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তি এমনিতেই অবমুক্ত করা হয়। আর ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি অবমুক্ত করার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়।

সম্প্রতি পালং ভূমি অফিসে বিআরএস জরিপের চূড়ান্ত পরচা এসেছে। সেখানে অনেক ব্যক্তির সম্পত্তিতে সরকারের স্বার্থ রয়েছে (সরকারের মালিকানা উল্লেখ)। এ কারণে ওই মৌজার জমির নামজারি করা, খাজনা নেওয়া বন্ধ রেখেছে ভূমি অফিস।

সম্প্রতি সদর উপজেলা ভূমি কার্যালয় থেকে ৬০ নম্বর পালং মৌজার দুটি, ৪৪ নম্বর খেলসি বিলাশখান মৌজার ১টি ও ৭৫ নম্বর উপরগাঁও মৌজার একটি নামজারি করা হয়। যা ‘ক’ তফসিলভুক্ত সরকারি খাসজমি। পরে বিষয়টি ভূমি কর্মকর্তাদের নজরে এলে ওই নামজারিগুলো বাতিল করা হয়। ওই নামজারির খতিয়ান নম্বর ও পরচা দিয়ে যাতে জমি নিবন্ধন না করতে পারে, তা জানিয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গত ১৮ নভেম্বর সদরের সাবরেজিস্ট্রারকে চিঠি দেন। ওই চিঠি পাওয়ার পর থেকে ৬০ নম্বর পালং মৌজার সব ধরনের জমি নিবন্ধন, বায়নাপত্র ও আমমোক্তারনামা বন্ধ রাখা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন বলেন, ‘বিআরএস জরিপে চূড়ান্ত পরচা এনে দেখা যায় ব্যক্তিমালিকানার কিছু সম্পত্তিতে সরকারের স্বার্থ জড়িয়ে আছে। ভূমি অফিস থেকে তা যাচাই–বাছাইয়ের কাজ চলছে। এ কারণে সাময়িক ৬০ নম্বর পালং মৌজার নামজারি, ভূমি উন্নয়ন কর ও খাজনা বন্ধ রাখা হয়েছে। কয়েক ব্যক্তি তথ্য গোপন করে মালিকানা সম্পত্তির সঙ্গে “ক” তফসিলভুক্ত সম্পত্তি নামজারি করিয়েছিল। বিষয়টি আমাদের নজরে আসে তখন তা বাতিল করা হয়। আর ওই বাতিলকৃত খতিয়ান দিয়ে যাতে কেউ জমি হস্তান্তর করতে না পারে, তা জানিয়ে সাবরেজিস্ট্রারকে চিঠি দেওয়া হয়েছে। এখন তিনি কেন পুরো মৌজার রেজিস্ট্রি বন্ধ রেখেছেন, তা বলতে পারব না।’

পালং গ্রামের বাসিন্দা আবদুল লতিফ খান শহরের হার্ডওয়্যারের ব্যবসায়ী। পূবালী ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। করোনায় ব্যবসা মন্দা হওয়ায় জমি বিক্রি করে ঋণ পরিশোধ করতে চান। ৩৬ শতাংশ জমি বিক্রি করার জন্য ১৫ দিন ধরে ঘুরছেন। কিন্তু বায়নাপত্র করতে পারছেন না। সদর উপজেলার সাবরেজিস্ট্রার রফিকুল ইসলাম বলেন, ‘ভুল ও মিথ্যা তথ্য দিয়ে যদি কেউ জমি রেজিস্ট্রি করে নেন, তাহলে তো আমি ফেঁসে যাব। তাৎক্ষণিক কাগজপত্র যাচাই–বাছাই করাও সম্ভব নয়। ভূমি অফিস যত দিন নামজারি বন্ধ রাখবে, তত দিন জমি রেজিস্ট্রি বন্ধ রাখার অনুরোধ করেছে।’