জমে উঠেছে সিলেট বইমেলা
পাঠক-লেখকদের পদচারণায় জমে উঠেছে ‘সিলেট বইমেলা’। প্রথমা ও বেঙ্গল পাবলিকেশনস আয়োজিত ছয় দিনব্যাপী এ মেলা শেষ হচ্ছে আজ রোববার। নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এ মেলা চলছে। বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে। গতকাল শনিবার দুপুরে মেলায় গিয়ে দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার পাঠকেরা বই কিনতে স্টলে ভিড় জমিয়েছেন। কথা হয় ব্যাংক কর্মকর্তা রেবতীমোহন সরকারের সঙ্গে। তিনি জানান, বিশেষ ছাড় থাকায় তিনি তাঁর পছন্দের বইগুলো সংগ্রহ করেছেন। সব মিলিয়ে প্রায় ২০ হাজার টাকার বই তিনি কিনেছেন। প্রথমা প্রকাশনের জ্যেষ্ঠ নির্বাহী মো. জাকির হোসেন জানান, মেলায় প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৬০ শতাংশ এবং বেঙ্গল পাবলিকেশনসের বই ২৫ থেকে ৫০ শতাংশে বিক্রি হচ্ছে। এ ছাড়া অন্যান্য প্রকাশনীর বই বিক্রি হচ্ছে ২৫ শতাংশে। ভারতীয় নতুন বই ১ রুপি সমান ১ দশমিক ৮ টাকা এবং ভারতীয় পুরোনো বই ১ রুপি সমান ১ দশমিক ৫ টাকায় বিক্রি হচ্ছে।