ফরিদপুরের নগরকান্দা
জরাজীর্ণ সেতু মেরামত হয় না, দুর্ভোগে মানুষ
লস্করদিয়া ও তালমা ইউনিয়নের মাঝামাঝি মাঝিকান্দি নদের (কুমার নদের শাখা) ওপর সেতুর অবস্থান।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার মাঝিকান্দি সেতুটি ১০ বছর জরাজীর্ণ হয়ে আছে। লোহার পিলারে মরিচা ধরেছে। ভেঙে গেছে রেলিং। কংক্রিটের পাটাতনের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনেও সেতুটি মেরামত করা হয়নি। আর বিকল্প না থাকায় এলাকার লোকজন ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়েই পারাপার হচ্ছে।
উপজেলার লস্করদিয়া ও তালমা ইউনিয়নের মাঝামাঝি মাঝিকান্দি নদের (কুমার নদের শাখা) ওপর সেতুর অবস্থান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ১৯৯৮ সালে সেতুটি নির্মাণ করা হয়। এটির দৈর্ঘ্য ১২০ ফুট ও প্রস্থ ৭ ফুট এবং লোহার পিলার রয়েছে ১১টি। লোহার পাতের ওপর কংক্রিটের ছোট ছোট পাটাতন দিয়ে নির্মাণ করা হয়েছে সেতুটি। ১ ফুট প্রস্থের ১২০টি কনক্রিটের পাটাতন রয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেতুটির লোহার চারটি পিলারে মরিচা ধরেছে। পূর্ব দিকের মাঝের রেলিং ভেঙে গেছে। সেতুর মাঝামাঝি সাতটি পাটাতনের বিভিন্ন জায়গায় ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। রিকশা ও ভ্যানের যাত্রী নামিয়ে সেগুলো পার করা হয়। পথচারীরা ঝুঁকি নিয়ে সেতুটি পার হয়।
নদীটি ওই এলাকায় পূর্ব থেকে পশ্চিম দিয়ে প্রবাহিত হয়েছে। নদের উত্তর পারে লস্করদিয়া ইউনিয়নের মাঝিকান্দা এবং দক্ষিণে তালমা ইউনিয়নের শাকপাল দিয়া গ্রাম অবস্থিত। কদমতলী, চাপখন্ড, বিনোকদিয়া, সাভার, বরখাদিয়া, জয়পুর, মিয়ার গ্রাম, রসুলপুরসহ ১৬টি গ্রামের লোকজন সেতু দিয়ে যাতায়াত করে। কদমতলী, সাভার, চাপখন্ড, শাকপালদিয়া, রসুলপুর মিয়ার গ্রাম, জয়পপুর এলাকার শিক্ষার্থী ও বাসিন্দাদের এ সেতু পার হয়ে বিনোকদিয়া মাঝিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয়, মাঝিকান্দা বাজার এলাকায় আসতে হয়। সেতুটি এড়িয়ে যাতায়াত করতে হলে তাঁদের পশ্চিমে তিন কিলোমিটার দূরে তালমা বাজার এবং পূর্বে আড়াই কিলোমিটার দূরে মনোহরপুর বাজার হয়ে ঘুরে আসতে হয়।
সাইকেল নিয়ে বিনোকদিয়া বাজার থেকে মনোহরপুর গ্রামে যাচ্ছিলেন আবদুস সোবাহান (২৪)। তিনি বলেন, ‘১০ বছর ধরে সেতুর এই অবস্থা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বারবার ধরনা দিয়েছি। কিন্তু কোনো ফল পাইনি।’
মাঝিকান্দা গ্রামের বাসিন্দা রবিন জমাদার (২৭) বলেন, ‘মাঝেমধ্যে অফিসের লোকজন আইসা গজ ফুট ধইরা মাইপা নিয়া যায়। সাংবাদিকেরা আইসা ছবি তুলে। কিন্তু সেতুর কোনো উন্নতি হয় না।’
কদমতলী গ্রামের বাসিন্দা ভ্যানচালক মাসুদ মোল্লা (২২) বলেন, এই সেতু দিয়ে ভ্যান নিয়ে এলে বিপদে পড়তে হয়। সব যাত্রী নামিয়ে দেওয়ার পরও পিছন থেকে না ঠেললে টেনে নিয়ে যাওয়া না।
তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ‘এলাকাবাসীর কথা কী বলব? আমি নিজেই তো এর ভুক্তভোগী। এলজিইডি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে। কাজটি বাস্তবায়িত হলে আমাদের দুর্ভোগের অবসান হবে।’
উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, মাঝিকান্দিতে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ৩৯ মিটার দৈর্ঘ্য এবং ৭ দশমিক ২ মিটার প্রস্থের সেতু নির্মাণের জন্য নকশা করা হয়েছে।