জরিমানা দিয়ে ছাড়া পেলেন নারীসহ আটক ছাত্রলীগ নেতা
অনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে আটক ছাত্রলীগের এক নেতাসহ ১০ জন জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন। আজ শুক্রবার বিকেলে তাঁদের আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এ জরিমানা করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে চার নারীসহ ওই ১০ জনকে আটক করে পাঁচলাইশ থানা–পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ছাত্রলীগ নেতার নাম আবদুল আল আহাদ। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহসভাপতি। বাকিদের মধ্যে পাঁচজন আহাদের সহযোগী ও চারজন নারী।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, আটক ১০ জনকে আজ বিকেলে আদালতে হাজির করা হয়। পরে ম্যাজিস্ট্রেট জুয়েল দেব প্রত্যেককে ৩০০ টাকা করে জরিমানা করেন ও অনাদায়ে দুই দিনের কারাদণ্ড দেন। অভিযুক্ত ব্যক্তিরা সবাই জরিমানা দিয়ে ছাড়া পান।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার তিনতলার একটি ভবনের নিচতলায় অনৈতিক কাজ চলছে—এমন খবরের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।