কিশোরীকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ হলেও থানায় না জানিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে নিয়ে সালিস করে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এর পর অভিযুক্ত ব্যক্তির (২২) কাছ থেকে জরিমানা আদায় করা হলেও তা উঠেছে সালিসদারদের পকেটে। শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবারটি।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ মোতাবেক ওই কিশোরীর (১৪) বাড়ি উপজেলার চরক্লার্ক ইউনিয়নে। সে গত শুক্রবার ধর্ষণের শিকার হয়। এরপর চরক্লার্ক ইউপির দুই সদস্য সালিস বসিয়ে অভিযুক্ত যুবককে জরিমানা করে সেই টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় কিশোরীর পরিবার গত মঙ্গলবার রাতে ওই যুবক ও দুই সালিসদারের বিরুদ্ধে সুবর্ণচরের চরজব্বার থানায় মামলা করে।
ওই কিশোরীর বড় ভাইয়ের ভাষ্যমতে, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে উপজেলার চর আমানউল্লা ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের ওই যুবক গত শুক্রবার সন্ধ্যায় কিশোরীটিকে পার্শ্ববর্তী খাসেরহাট বাজারে ডেকে নেন। সেখান থেকে একটি অটোরিকশায় করে আনুমানিক দুই কিলোমিটার দূরে একটি বাড়ির বাগানে নিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর যুবকটি পুনরায় অটোরিকশায় তুলে ওই কিশোরীকে অজ্ঞাতস্থানে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু অটোরিকশাটি চরক্লার্ক ইউনিয়নের বাংলাবাজারে পৌঁছালে কিশোরীটি চিৎকার দেয়। এরপর লোকজন দুজনকেই আটক করে। তখন কিশোরী ধর্ষণের বিষয়টি প্রকাশ করে দেয়। বিষয়টি জানার পর বাংলাবাজারে অবস্থানরত চরক্লার্ক ইউপির সদস্য বেলাল উদ্দিন ও সফি আলম ওই কিশোরী ও যুবককে ইউপি কার্যালয়ে নিয়ে যান। সেখানে সালিসের মাধ্যমে যুবকটিকে এক লাখ ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
কিশোরীর বড় ভাই অভিযোগ করে বলেন, বোনের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাঁরা সালিসের রায় মেনে নেন। কিন্তু এরপর কয়েক দিন কেটে গেলেও ইউপি সদস্য বেলাল ও সফি সালিসের মাধ্যমে আদায় করা টাকা তাঁদের দেননি। এ নিয়ে তাঁরা টালবাহানা শুরু করেন। ফলে বাধ্য হয়ে তিনি মঙ্গলবার সন্ধ্যায় চরজব্বার থানায় মামলা করেন।
ইউপি সদস্য বেলাল ধর্ষণের ঘটনাটি সালিস করার কথা স্বীকার করলেও জরিমানার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘ছেলেমেয়ে দুজন ভিন্ন ধর্মের হওয়ায় আমরা দুজনকেই নিজ নিজ অভিভাবকদের কাছে হস্তান্তর করেছি। কিন্তু এ নিয়ে লোকজন এখন অপপ্রচার চালাচ্ছে।’ তবে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ থানায় না জানিয়ে ওই কিশোরী ও যুবককে ইউপি কার্যালয়ে নিয়ে সালিস করা ঠিক হয়নি বলে স্বীকার করেন বেলাল। অপর ইউপি সদস্য সফি আলম সালিস ও জরিমানা আদায়ের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন।
এদিকে গতকাল বুধবার নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে গতকাল বিকেল পর্যন্ত পুলিশ অভিযুক্ত যুবক কিংবা দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করতে পারেনি।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) টমাচ বড়ুয়া বলেন, প্রাথমিক তদন্তে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। আর দুই ইউপি সদস্য ঘটনাটি থানায় না জানিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তারের চেষ্টা চলছে।