জরুরি সেবাও মিলছে না

সদর হাসপাতালে করোনায় আক্রান্ত জটিল রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেই। জেলায় করোনা ডেডিকেটেড হাসপাতালও নেই।

  • ১০০ শয্যাবিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালটিতে আজও চালু করা হয়নি কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা।

  • সদর হাসপাতালে কোনো ভেন্টিলেটর ও আইসিইউর শয্যাও নেই।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল। সম্প্রতি তোলা ছবি।
প্রথম আলো

নেত্রকোনায় মে মাসের শেষ দিক থেকে করোনার সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে করোনায় আক্রান্ত রোগীদের, বিশেষ করে যেসব রোগীর অবস্থা বেশি গুরুতর, তাঁদের জেলার হাসপাতালগুলোতে যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা নেই। এসব হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের সংকট এবং কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা না থাকায় করোনা রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

নেত্রকোনা জেলার ১০টি উপজেলার মধ্যে সবচেয়ে বড় হাসপাতাল নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালটিতেও করোনার রোগীদের চিকিৎসার সুব্যবস্থা নেই। ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে আজও চালু করা হয়নি কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা। নেই কোনো ভেন্টিলেটর, নেই আইসিইউর শয্যা। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পরেও জেলায় করোনা ডেডিকেটেট হাসপাতাল চালু করা হয়নি।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত মে–এর শেষ দিকে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সদর উপজেলাসহ সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দায় এই সংখ্যা বাড়ছে। ১ জুন পর্যন্ত জেলায় করোনা রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৬৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হন ১ হাজার ৩৯ জন। আর মারা যান ২১ জন। গত ২৬ দিনের ব্যবধানে গতকাল রোববার বিকেল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪২৮। এর মধ্যে দুর্গাপুরে ১৫০ জন, কলমাকান্দায় ১১২ জন ও সদরে ৪০৪ জন রয়েছেন। জেলার ১০টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন সদর উপজেলায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে কেন্দুয়া। এরপর দুর্গাপুর, মোহনগঞ্জ, পূর্বধলা ও কলমাকান্দা। সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন খালিয়াজুরিতে। হাওর দ্বীপখ্যাত খালিয়াজুরিতে আক্রান্তের সংখ্যা ১৮ জন।

জেলা শহরের ১০০ শয্যার আধুনিক সদর হাসপাতালটি এখনো চলছে ৫০ শয্যার জনবল দিয়ে। গত বছর করোনা পরিস্থিতির শুরুতে হাসপাতালটির তৃতীয় তালায় ৩৬টি শয্যা নিয়ে করোনা ওয়ার্ড চালু করা হয়। এখানে আটটি পালস অক্সিমিটার ও ১৯টি অক্সিজেন কনসেন্ট্রেটর ছাড়া আর কিছুই নেই। শ্বাসকষ্টের রোগীদের জন্য অক্সিজেন-সহায়তা অপরিহার্য হলেও পুরো হাসপাতালে আজও কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা চালু করা হয়নি। তবে তিন মাস ধরে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালুর কাজ চলছে।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি হাসপাতালটির জন্য চারটি ভেন্টিলেটর মেশিন সরবরাহ করা হয়েছে। তবে অবেদনবিদ ও বিশেষজ্ঞ চিকিৎসক এবং সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থার অভাবে সেগুলোও চালু করা সম্ভব হচ্ছে না। পুরো হাসপাতালে কোনো আইসিইউ নেই। এ ছাড়া হাই ফ্লো নাজাল ক্যানুলারও সংকট রয়েছে। ফলে করোনায় আক্রান্ত হয়ে বেশি অসুস্থ হয়ে পড়া রোগীদের ময়মনসিংহ বা ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,পুরো হাসপাতালের চিকিৎসাসেবা চলছে মাত্র দুটি অ্যাম্বুলেন্স দিয়ে। এর মধ্যে একটি করোনা রোগীদের জন্য। রোগীর চাপ বেশি থাকায় বেশির ভাগ সময় প্রাইভেট অ্যাম্বুলেন্স ডেকে আনতে হয়।

নেত্রকোনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এস এম মাহবুবুর রহমান জানান, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করতে আরও কিছু দিন লাগবে। অন্যদিকে ভেন্টিলেটরগুলো চালু করতেও কমপক্ষে পাঁচজন অবেদনবিদ এবং অন্তত দুজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন মো. সেলিম মিয়া প্রথম আলোকে বলেন, ‘আক্রান্ত সাধারণ রোগীদের চিকিৎসার জন্য সব প্রস্তুতি আমাদের আছে। তবে জটিল রোগী হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।