প্রতারণা
জর্ডানে পাঠানোর কথা বলে শ্রমিকদের টাকা ‘আত্মসাৎ’
শ্রমিকদের কাছ থেকে ২০ হাজার টাকা থেকে ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।
জর্ডানে পোশাক কারখানায় চাকরি পাইয়ে দেবেন। মাসে বেতন অন্তত ২৮ হাজার, থাকবে আরও সুযোগ–সুবিধা, এমন সব আশ্বাস দিয়ে অর্ধশতাধিক পোশাকশ্রমিকের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। দেলোয়ার হোসেন নামের ওই যুবকের বিরুদ্ধে সম্প্রতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
দেলোয়ারের বাড়ি গৌরীপুর উপজেলার সতিষা গ্রামে। গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করার সুবাদে অনেক পোশাকশ্রমিকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। বিদেশে যেতে তাঁকে টাকা দেওয়া শ্রমিকদের বেশির ভাগের বাড়িই ময়মনসিংহ জেলায়। তাঁরা শ্রীপুরের বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করেন।
ভুক্তভোগীরা জানান, ২০২১ সালের ১৪ জানুয়ারি দেলোয়ার শ্রমিকদের কাছ থেকে টাকা নিতে শুরু করেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ছয় মাস ধরে টাকা ফেরত চাইলে কাউকে টাকা ফেরত দেননি তিনি। উল্টো গৌরীপুরে দেলোয়ারের বাড়িতে টাকা চাইতে গেলে তাঁর বাবা ও ভাই পোশাকশ্রমিকদের মারধরের হুমকি দিয়ে বিদায় করেন।
ইউএনওর কাছে দেওয়া লিখিত অভিযোগ ও প্রতারণার শিকার কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, দেলোয়ার গত বছর ১৪ জানুয়ারি বাংলাদেশ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের একটি প্যাডে বিজ্ঞপ্তি দেখান। এতে উল্লেখ ছিল, জর্ডানে আকর্ষণীয় বেতনে পোশাক কর্মী নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি ছিল ভুয়া। এতে চাকরিপ্রার্থীদের যোগাযোগের জন্য দুটি মুঠোফোন নম্বর দেওয়া ছিল। পরে জানা যায়, দুটি নম্বরই দেলোয়ারের ব্যক্তিগত। এ বিজ্ঞাপন দেখিয়েই শ্রীপুরে কর্মরত বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছ থেকে ২০ হাজার টাকা থেকে ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়।
শ্রমিকেরা বলেছেন, টাকা আদায়ের পর ২০২১ সালের ২৫ আগস্ট ভিসা প্রদান ও আঙুলের ছাপ নেওয়ার কথা বলে শ্রমিকদের নিয়ে শ্রীপুর থেকে বাসে করে ঢাকায় রওনা হন দেলোয়ার। একপর্যায়ে তিনি কৌশলে বাস থেকে নেমে চলে যান। সেদিনের পর থেকে দেলোয়ারকে আর শ্রীপুরে দেখা যায়নি। পরে বিভিন্ন সময় ভুক্তভোগীরা তাঁর গ্রামের বাড়ি গৌরীপুরে টাকা ফেরত চাইতে গিয়েছিলেন। তখন তাঁদের হুমকি দেন দেলোয়ারের ভাই আনোয়ার হোসেন ওরফে শরীফ ও বাবা দেওয়ান হোসেন। ১১ ফেব্রুয়ারি ভুক্তভোগী ৫৪ জন শ্রমিক সংগঠিত হয়ে গৌরীপুরের ইউএনও হাসান মারুফের কাছে লিখিত অভিযোগ দেন।
এসব অভিযোগ নিয়ে দেলোয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন নম্বরই বন্ধ। তবে টাকা আত্মসাতের ব্যাপারে তাঁর ভাই আনোয়ার হোসেন বলেন, ‘আমার ভাই কিছু শ্রমিককে বিদেশে পাঠানোর কথা বলে ১০ হাজার করে টাকা নিয়েছিল। বিদেশে পাঠাতে ব্যর্থ হওয়ায় তাঁদের টাকা ফেরত দেওয়া হয়েছে।’